একঝলক (১ অক্টোবর, ২০২২)

মাসুদ শেখ তাঁর চার বিঘা ঘেরের চারপাশে চাষ করেছেন ঢ্যাঁড়স। মাছের পাশাপাশি সবজি চাষ থেকে বাড়তি আয় করেন তিনি। এ বছর ঢ্যাঁড়স চাষে আয় করেছেন ৫০ হাজার টাকার ওপরে। বিলপাবলা, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ১ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
ঘাসের ওপর বসেছে ফড়িং। দেয়ানা, খুলনা, ১ অক্টোবর
দুর্গা দেবীর আগমন উপলক্ষে শারদ শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ বরিশাল মহানগর। নগরের কালীবাড়ি রোডের ধর্মলক্ষিণী মন্দির থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। লাইন রোড, বরিশাল নগর, ১ অক্টোবর
শনিবার থেকে নানা আয়োজনে শুরু হয়েছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা। পূজা শুরু হলেও এই উৎসবকে রাঙিয়ে তুলতে এখনো চলছে সাজসজ্জা। পূজামণ্ডপের সামনে সড়কে আলপনা আকঁছেন এক শিল্পী। দাড়িয়াপাড়া, সিলেট, ১ অক্টোবর
পোড়া মাটির তৈজস বিক্রি করেই জীবিকা চলে মমতাজ আলীর। রংপুর, ১ অক্টোবর
পাইকারি কলার আড়ত থেকে পাইকারি দরে কলা কিনেছেন ক্ষুদ্র বিক্রেতারা। সকাল থেকে রাত পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় গিয়ে ভ্যানে করে কলা বিক্রি করেন তাঁরা। আড়ত থেকে কলা সংগ্রহ করার পর বাছাই করছেন তাঁরা। সিলেট, ১ অক্টোবর
জলখাবারের তালিকায় মানুষের কাছে মুড়ির চাহিদা সব সময়। চাহিদা থাকায় স্থানীয়ভাবে মুড়ি তৈরির কারখানাও রয়েছে বিভিন্ন স্থানে। খুচরা ও পাইকারি দরে বাজারে বিক্রি হয় মুড়ি। পাইকারি দরে মুড়ি কিনে ট্রাকে তুলছেন শ্রমিকেরা। ২০ কেজি ওজনের এক বস্তা মুড়ি পাইকারি দরে বিক্রি হয় ১ হাজার ৩৮০ টাকায়। সিলেট, ১ অক্টোবর
দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং করছেন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। দীঘিনালা, খাগড়াছড়ি, ৩০ সেপ্টেম্বর
শরতে রয়েছে গরমের দাপট। প্রখর রোদ আর অসহনীয় গরম এখন শরৎকালে। ঠেলায় করে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় পানি সরবরাহ করতে গরমে হাঁপিয়ে শফিকুল ইসলাম পাইপে মুখ লাগিয়ে তৃষ্ণা মেটাচ্ছেন। সিলেট, ১ অক্টোবর
ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ঢাকা শিশু হাসপাতালে রোগীদের স্বজনদের হাসপাতালের বাইরে রাত কাটাতে হয়। মশার উপদ্রব থেকে বাঁচতে হাসপাতালের বাইরে এভাবে মশারি টাঙিয়ে রাতে ঘুমাতে দেখা যায় তাঁদের। ঢাকা শিশু হাসপাতাল, ৩০ সেপ্টেম্বর
সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল সাগর উপকূলে বালু তোলার সময় একটি ড্রেজার ও একটি বাল্কহেড আটক করেছে কোস্টগার্ড। সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১ অক্টোবর
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। নালিতাবাড়ী, শেরপুর, ১ অক্টোবর
টেকনাফ স্থলবন্দরে ট্রলার থেকে খালাস হচ্ছে মিয়ানমারের আকিয়াব থেকে আমদানি করা হিমায়িত মাছ। টেকনাফ, ১ অক্টোবর
বান্দরবান জেলা সদরের রাজারমাঠে সনাতন ধর্মাবলম্বীদের সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপ। বান্দরবান, ১ অক্টোবর
বরিশালে গৃহবধূ ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা শাখার সদস্য মোর্শেদাকে আগুনে পুড়িয়ে মারার প্রতিবাদে এবং হত্যাকারীর বিচারের দাবিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সাতমাথা, বগুড়া শহর, ১ অক্টোবর
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ১২১টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। পূজায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, এ ব্যাপারে আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশনা ও পরামর্শ দেওয়া হচ্ছে। সাতকানিয়া, চট্টগ্রাম, ১ অক্টোবর
সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে মৌসুমি সুস্বাদু ফল কতবেল। কাপ্তান বাজার এলাকা, কুমিল্লা, ১ অক্টোবর
নৌকায় ঘুরে ঘুরে খামারে মাছকে খাবার দিচ্ছেন এক চাষি। জালুয়াপাড়া গ্রাম, পাঁচথুবী ইউনিয়ন, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ১ অক্টোবর
রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে এই পাহাড়ি নারী এসেছেন ফসল বিক্রি করতে। বরবটি, আদা, পেঁপে, বিলাতি ধনেপাতা, পুঁইশাক, লেবু, আখ, জুমমরিচসহ হরেক রকমের শাকসবজির পসরা নিয়ে বসেছেন তিনি। রাঙামাটি, ১ অক্টোবর
কৃত্রিমভাবে পাহাড় বানিয়ে বসানো হয়েছে দুর্গাপ্রতিমা। খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া রাধামাধব মন্দির, ১ অক্টোবর
মাছ ধরার জাল বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে। মাছ ধরার আগে সেগুলো সেলাই করে নিচ্ছেন জেলে হাসান মিয়া। জগন্নাথপুর গ্রাম, কুমিল্লা, ১ অক্টোবর
লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকী ছড়া বন্য প্রাণী উদ্ধার কেন্দ্রে মানুষের যত্ন-আদরে থাকা উল্লুকছানা। মৌলভীবাজার, ১ অক্টোবর
হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে গতকাল শুক্রবার রাতে অ্যাক্রোবেটিক প্রদর্শনের আয়োজন করা হয়। অ্যাক্রোবেটদের নানা কসরত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। হবিগঞ্জ, ১ অক্টোবর
আজ মহাষষ্ঠী, দেবী দুর্গার বোধনেই সূচনা হলো বাঙালি হিন্দুদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবের। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেবীকে প্রণাম জানাচ্ছেন ভক্তরা। ঢাকা, ১ অক্টোবর
মহালয়ার দিনে করতোয়া নদীতে নৌকাডুবিতে নিহত সবার স্মরণে বিশেষ প্রার্থনার আয়োজন করে মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকা, ১ অক্টোবর
কিশোর আলোর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলসিন্দুরের আটজন সাফজয়ী ফুটবলারকে নিয়ে ভিন্ন রকম উদ্‌যাপন। ময়মনসিংহ, ১ অক্টোবর