ভবনের দেয়াল বেয়ে মাটিতে গেছে পয়োনিষ্কাশনের দুটি পাইপ। পলেস্তারা খসে দুই পাইপের মাঝখানে তৈরি হয়েছে ছোট একটি গর্ত। সে গর্তে ঘর বেঁধেছে দুটি টিয়া পাখি। কিছু সময় পরপর ঘুরেফিরে পাখি দুটি আসছে তাদের আবাসস্থলে। মা টিয়া পাখিটি ভেতরে প্রবেশ করে অনেকক্ষণ পর মাথা বের করে বসে থাকছে। এ সময় বাবা পাখিটি বাসার কাছেই বসে পাহারা দিচ্ছে। হয়তো ঘরের ভেতরে ডিম রেখে এসেছে টিয়া পাখি জোড়া। গত কয়েক দিন তাদের এভাবেই দেখা যায়।
