
সরকারের দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচার নিয়ে এখন সারা বিশ্বে আলোচনা করা হচ্ছে। এ কারণে জাতিসংঘ, আইএমএফসহ সব আন্তর্জাতিক সংগঠন থেকে দেশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সরকারের ভিত নড়ে গেছে।
আজ শনিবার দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এক যৌথ সভায় এসব কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাহমুদুর রহমান বলেন, দেশ এমন এক সংকটকাল অতিক্রম করছে, যা বিগত ৫০ বছরে দেখা যায়নি। সারা পৃথিবী আজ বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও মানবাধিকার পরিস্থিতির প্রতি ধিক্কার জানাচ্ছে। বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘাতকে পরিণত করেছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, মামলা-হামলার মাধ্যমে বিরোধী শক্তিকে দমন করছে তারা। এমনকি সরকারের অপকৌশলের প্রতি আজ জাতিসংঘসহ সারা বিশ্বের গণতন্ত্রকামী রাষ্ট্রগুলো নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, ‘এসব দায় কেবল অগণতান্ত্রিক, ভোট ডাকাত ও স্বৈরাচার সরকারের। দেশের জনগণ এই সরকারকে চায় না। বহির্বিশ্বেও এই ফ্যাসিবাদী সরকারের কোনো গ্রহণযোগ্যতা নেই।’
সভার শুরুতে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে শোকপ্রস্তাব গৃহীত হয়। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত ও আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব আতিকুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, প্রেসিডিয়াম সদস্য মোমিনুল ইসলাম প্রমুখ।