
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, রাজনৈতিক কর্মী হতে হলে মানুষের পাশে থাকতে হবে। ত্যাগের বদলে ভোগ আর আদর্শের বদলে সুবিধা পাওয়া বর্তমানে রাজনৈতিক কর্মীদের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ৭৯তম জন্মদিন উপলক্ষে বুধবার দলীয় কার্যালয়ে মিলনমেলায় ‘যাপিত জীবন’ সম্পর্কে আলোচনায় তিনি এসব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, ‘কমিউনিস্ট হতে হলে তুলনাহীন ত্যাগ, ক্লেশ ও কষ্ট স্বীকার করার মানসিকতা থাকতে হয়। কৃষক-খেতমজুরের ঘরে, শ্রমিকের বস্তিতে রাত কাটাতে হয়। তাদের খাবার ভাগ করে খেতে হয়। আমাদের নেতা মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু, মণি সিংহ, অমল সেনদের মতো মানুষেরা এটাই আমাদের শিখিয়েছেন।’
ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, নেতা হওয়ার জন্য প্রটোকল লাগে, তা তাঁদের জানার বাইরে ছিল। নেতা হবেন মানুষের প্রাণের লোক, যার জন্য তাঁরা জীবন দিতেও দ্বিধা করবেন না। কিন্তু ভোগবাদী এই সমাজব্যবস্থা এই সবকিছুই কেড়ে নিয়েছে।
জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানান রাশেদ খান মেনন।
রাশেদ খান মেনন জন্মদিন উদ্যাপন পরিষদের উদ্যোগে এ আয়োজন হয়। আনন্দ উৎসবে রাশেদ খান মেননকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর কমিটি, বাংলাদেশ যুব মৈত্রী, বাংলাদেশ ছাত্র মৈত্রী, জাতীয় কৃষক সমিতি, বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়ন, নারী মুক্তি, গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন, জাতীয় শ্রমিক ফেডারেশন, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ, সাপ্তাহিক নতুন কথা, কেন্দ্রীয় পার্টি অফিস, গণতন্ত্রী পার্টি, পল্টন থানা আওয়ামী লীগ, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক আবুল, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সুলতান মিয়া, আওয়ামী লীগ নেতা মো. এনামুল হক, সিকান্দর আলী, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, আরামবাগ স্কুল অ্যান্ড কলেজ, শাহজাহানপুর রেলওয়ে উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ।