প্রসঙ্গ হাজি সেলিম

আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংসদ সদস্যের পদ প্রভাবিত হয় না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক
ছবি: প্রথম আলো

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কারাগারে থাকা ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি মো. সেলিমের সংসদ সদস্য পদ থাকবে কি না, তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান কিছুদিন আগে সাংবাদিকদের বলেন, কারাদণ্ড বহাল থাকায় সংবিধানের ৬৬(২)(ঘ) অনুসারে হাজি মো. সেলিম সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। যদি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করে তিনি বেকসুর খালাস পান, তখন তাঁর সংসদ সদস্য পদ ফিরে আসবে। যতক্ষণ হাইকোর্টের রায় বহাল আছে, ততক্ষণ তাঁর সংসদ সদস্য পদ থাকার প্রশ্নই আসে না।

তবে এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন ভিন্ন কথা। দুদকের আইনজীবীর বক্তব্যের বিষয়ে আজ রোববার ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘এই ব্যাপারে সুপ্রিম কোর্টের দু-তিনটি রায় আছে। আমার যতুটুকু জানা, মামলায় হাজি সেলিম আপিল বিভাগে আপিল করেছেন। আমি যত দূর জানি, সেটা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এটির চূড়ান্ত নিষ্পত্তি না হবে, ততক্ষণ পর্যন্ত সংসদ সদস্যের পদ প্রভাবিত হবে না। এটাই রায়ে আছে। এখন যাঁরা এটি বলেছেন, তাঁরা হয়তো অন্য কিছু বলতে পারেন, যেটা আমার জানা নেই। কিন্তু আমার জানা এ–ই। সে ক্ষেত্রে সুপ্রিম কোর্টে কী হয়, দেখা যাক।’

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিমকে ২২ মে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক এই আদেশ দেন। এর আগে হাজি সেলিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ১০ ফেব্রুয়ারি ওই মামলায় হাজি সেলিমের ১০ বছরের কারাদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে তাঁকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে বলা হয়েছিল।

হাজি সেলিম এখন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য। ওই মামলায় ১৩ বছর আগে বিচারিক আদালতের রায়ের পর তাঁকে মাসখানেক কারাগারে থাকতে হয়েছিল। পরে রায়ের বিরুদ্ধে আপিল করে জামিনে বের হন। মাঝের এ সময়ে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

হাজি সেলিম ও তাঁর স্ত্রী গুলশান আরার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর মামলা করেছিল দুদক।