জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ হবে আজ সোমবার। বেলা আড়াইটায় এই সমাবেশ শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩ নভেম্বর জেল হত্যা দিবস। প্রতিবছর এই দিনে সমাবেশসহ নানা কর্মসূচি পালন করে আওয়ামী লীগ। এবার ৩ নভেম্বর প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস সফরে যাবেন। এ জন্য সমাবেশ এক দিন এগিয়ে আনা হয়েছে। সমাবেশ সফল করতে এক সপ্তাহ ধরে আওয়ামী লীগের বিভিন্ন শাখা, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় নেতারা। ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র, ঢাকা ও এর আশপাশের এলাকার সাংসদদের সঙ্গেও প্রস্তুতি সভা হয়েছে।