আ. লীগের সন্ত্রাসী তৎপরতা এখন তুঙ্গে: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সন্ত্রাসী তৎপরতা এখন তুঙ্গে। সব পৌরসভার মেয়র পদগুলো ছিনিয়ে নেওয়ার কুমতলবে ধানের শীষের প্রার্থী ও সমর্থকদের ওপর সশস্ত্র হামলায় তা জাতির সামনে স্পষ্ট।’

আজ বুধবার এক বিবৃতিতে ফখরুল ইসলাম আলমগীর এ সব কথা বলেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা কৃষক দলের সহসভাপতি নজরুল ইসলামকে কুপিয়ে হত্যা ও রাতে দিনাজপুরের বিরামপুরে দলের মেয়র পদপ্রার্থী আজাদুল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদ জানিয়ে তিনি এ বিবৃতি দেন।

বিবৃতিতে নজরুল ইসলাম হত্যা ও আজাদুলের ওপর হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মির্জা ফখরুল ইসলাম।