ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রকিব হায়দারের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এ দাবি জানান। তিনি বলেন, মাঠ প্রশাসন পর্যায়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ক্ষমতাসীনদের অন্যায় আবদার রক্ষা না করলে সরকারি কর্মকর্তারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে হেনস্তা ও নিগ্রহের শিকার হচ্ছেন।
প্রসঙ্গত, ৬ মে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা পরশুরামের ইউএনওকে মারধর করেন। এ ঘটনায় ক্ষমতাসীন দলের আটজন নেতা-কর্মী গ্রেপ্তার আছেন।
খালেদা জিয়ার নির্বাচনী এলাকা ফেনীর পরশুরামে উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার ঘটনা উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবাধে দায়িত্ব ও কর্তব্য পালন এখন কতটা অসম্ভব ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, এ ঘটনা তার এক জ্বলন্ত প্রমাণ। সারা দেশে এ ধরনের ঘটনা অহরহ ঘটছে।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘অন্যায় আবদার রক্ষা, বেআইনি নির্দেশ পালন এবং বিধিবহির্ভূত সম্মান ও সুযোগ দিতে অস্বীকার করলেই রাষ্ট্রীয় কর্তব্য পালনে নিয়োজিত কর্মকর্তারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে হেনস্তা ও নিগ্রহের শিকার হচ্ছেন।’
খালেদা জিয়া বলেন, ‘আইনের শাসনকে পদদলিত করে দেশে পেশিশক্তি-নির্ভর এক বর্বর আওয়ামী দুঃশাসন চাপিয়ে দেওয়ার বেপরোয়া ও ধারাবাহিক অপপ্রয়াসে সচেতন নাগরিক সমাজ আজ গভীরভাবে উদ্বিগ্ন।’
সাবেক এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, শাসকদের সরাসরি আশকারায় তাদের লোকজন দেশজুড়ে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। নির্লজ্জ দলীয়করণ ও যথেচ্ছ অপব্যবহারের মাধ্যমে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহের আইনসম্মত পন্থায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনার কোনো অবকাশ রাখেনি। তারপরও আওয়ামী সন্ত্রাসীরা রাষ্ট্রীয় ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ওপর দৈহিক হামলা চালিয়ে যাচ্ছে।