
কুমিল্লায় মণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় গ্রেপ্তার ইকবাল হোসেনকে ‘ভবঘুরে’ আখ্যা দিয়ে তাঁর অপরাধ বা পরিস্থিতিকে লঘু করে দেখার অবকাশ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেছেন, পবিত্র কোরআন অবমাননার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি হিন্দু নন, মুসলমান। কিন্তু এখন আর তথাকথিত ধর্মপ্রেমীদের মুখে কথা নেই। এসব ঘটনাকে পূর্বপরিকল্পিত দাবি করে আটক ব্যক্তির পেছনে কারা আছে, সেটি উদ্ঘাটনেরও দাবি জানান তিনি।
আজ শুক্রবার বরিশালের উজিরপুর উপজেলার দলের কর্মিসমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে রাশেদ খান মেনন এসব কথা বলেন। তিনি বলেন, দেশের তরুণসমাজ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করেছে, তাদের মধ্যেই সাম্প্রদায়িক মানসিকতার বিকৃতি ঘটেছে। স্বাধীনতা–পরবর্তীকালে রাষ্ট্রীয় মদদে মানুষের মধ্যে যে সাম্প্রদায়িক বিভাজন শুরু হয়েছে, সেটিই আজ পুরো সমাজে ছড়িয়ে পড়েছে।
রাশেদ খান মেনন বলেন, অর্থনৈতিক বৈষম্য, লুটপাট, দুর্নীতি ও বেকারত্বের কারণে জনমনে যে হতাশার সৃষ্টি হয়েছে, তার ফলে যুবসমাজ ধর্মবাদী-মৌলবাদী-জঙ্গিবাদী প্রচারণায় বিভ্রান্ত হচ্ছে। এ থেকে পরিত্রাণের উপায় যুবসমাজের কর্মের নিশ্চয়তার অভিন্ন দাবিতে ঐক্যবদ্ধ করে তাদের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করা।
উপজেলা যুব মৈত্রীর সভাপতি জাহিদ হোসেন খান ফারুকের সভাপতিত্বে কর্মিসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ যুব মৈত্রীর বরিশাল জেলার সভাপতি ফায়জুল হক বালী ফারাহীন, যুব মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সদস্য মো. জহুরুল ইসলাম, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সীমা রানী শীল, যুবনেতা কুমার আকাশ, আলমগীর হোসেন মৃধা প্রমুখ।