
গত পাঁচ বছরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্বে ছিলেন দুই নির্বাচিত মেয়র। পাশাপাশি দীর্ঘসময় মেয়রের দায়িত্ব পালন করেন তিন প্যানেল মেয়র। ফলে কোনো মেয়রই তাঁদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সময়, সুযোগ পাননি। সর্বশেষ চলতি বছরের ৭ মার্চ দায়িত্ব নেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম। গত ১০ মাসে আতিকুল তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চেয়ে চলমান কাজ এগিয়ে নেওয়ার দিকেই মনোযোগী ছিলেন।
২০১৫ সালের নির্বাচনে ডিএনসিসির মেয়র নির্বাচিত হন আনিসুল হক। তিনি অসুস্থ হওয়ার পরে ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর তিন সদস্যের মেয়র প্যানেল গঠন করে সরকার। ২০১৭ সালের ৩০ নভেম্বর মারা যান আনিসুল হক। পরের বছরের ২২ সেপ্টেম্বর মারা যান প্যানেল মেয়র-১ ওসমান গণি। এরপর দায়িত্ব পালন করেন আরেক প্যানেলভুক্ত মেয়র জামাল মোস্তফা।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে ডিএনসিসির উপনির্বাচনে জয়ী হন বর্তমান মেয়র আতিকুল ইসলাম। নির্বাচনের আগে ‘সবাই মিলে সবার ঢাকা: সুস্থ ঢাকা, সচল ঢাকা, আধুনিক ঢাকা’ শিরোনামে ইশতেহার ঘোষণা করেন আতিকুল। তিনি ইশতেহারে নির্মল, বিশুদ্ধ বাতাস ফিরিয়ে আনা, মশামুক্ত শহর, আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত পার্ক, সবুজ শহর, ভেজালমুক্ত কাঁচাবাজার, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ডিজিটাল প্রযুক্তিতে ট্রাফিকব্যবস্থা নিয়ন্ত্রণ, ডিজিটাল পরিবহনব্যবস্থা, আধুনিক বাসস্টপেজ, বর্ষাকালীন জলাবদ্ধতা নিরসন, দুর্নীতি দমনে বিশেষ কমিটি গঠন, প্রতিটি এলাকায় সাংস্কৃতিক ও সেবাকেন্দ্র গড়ে তোলা, সীমিত আয়ের নাগরিকদের জন্য সাধ্যের নাগালে আবাসনের ব্যবস্থার প্রতিশ্রুতি ছিল আতিকুলের ইশতেহারে।
গত ১০ মাসে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে তেমন কোনো বিশেষ উদ্যোগ দেখা যায়নি। এই সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। মশকনিধন কার্যক্রম নিয়ে সমালোচনার মুখে পড়েন মেয়র আতিকুল ইসলাম। মশকনিধনে বছরমেয়াদি কর্মপরিকল্পনা করার কথা জানিয়েছেন মেয়র। বিদেশ থেকে মশার ওষুধ ও মশা মারার যন্ত্রপাতি আমদানি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
নির্মল বাতাস নিশ্চিত করতে বিশেষ কোনো উদ্যোগ ছিল না। বায়ুদূষণ নিয়ে আলোচনার মধ্যে পানি ছিটানোর জন্য ১০টি গাড়ি নামানো হয়। সর্বশেষ কয়েক দিন ধরে বায়ু দূষণকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত চালানো শুরু করেছে ডিএনসিসি।
গত ১০ মাসে নতুন বড় কোনো প্রকল্প হাতে নেয়নি ডিএনসিসি। এই সময়ে ডিএনসিসি আগে অনুমোদিত প্রকল্পের কাজ শুরু করেছে। আর বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর কাজ চলমান রয়েছে।
আতিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পরে তাঁর মেয়াদের স্বল্প সময় বাকি ছিল। স্বল্প সময় থাকায় আতিকুল মূলত দৈনন্দিন কাজই করেছেন। এলাকায় এলাকায় গিয়ে নিজের পরিচিতি বাড়ানোর কাজ চালিয়েছেন। আগামী ৩০ জানুয়ারি ডিএনসিসির মেয়র নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি আকতার মাহমুদ বলেন, আনিসুল হক মেয়রের কাজের একটি মান দাঁড় করিয়েছিলেন। গত ১০ মাসে আতিকুল ইসলাম মেয়র হিসেবে কাজের দক্ষতা, মান, দ্রুতগতি দেখাতে পারেননি।