ওবায়দুল কাদের প্রতিদিন পুঁথি পাঠ করেন: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তিনি প্রতিদিন বাসায় বসে একটি ল্যাপটপ সামনে নিয়ে সংবাদ সম্মেলনের নামে নাটুকে ভঙ্গিতে পুঁথি পাঠ করেন। সেখানে ঘুরেফিরে বিষয় একটাই—বিএনপির বিরুদ্ধে আজগুবি, কল্পিত সব মিথ্যাচার ও কুৎসা উদ্‌গিরণ করা।

আজ বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে টাকা পাচারের তালিকার শীর্ষে’—ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করেন রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, হঠাৎ তাঁর এমন আজগুবি ও উদ্ভট অভিযোগের কারণটা হলো, ১২ মে ওবায়দুল কাদের ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নিজেই বলেন, আওয়ামী লীগের নেতারা বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছেন। মুখ ফসকে এই নিরেট সত্য বেরিয়ে যাওয়ায় নিজ দলের টাকা পাচারকারীদের সাঁড়াশি আক্রমণে ভড়কে যান। এর দুই দিন পর ওবায়দুল কাদের নিজের গদি রক্ষায় পরিস্থিতি ভিন্ন খাতে নিতে চিরাচরিত অভ্যাস অনুযায়ী তারেক রহমানের বিরুদ্ধে ডাহা মিথ্যার রূপকথা সাজিয়েছেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, সরকারের শীর্ষ নেতৃত্বের পরিবারের আত্মীয়স্বজন, আওয়ামী লীগের নেতা-মন্ত্রীদের প্রত্যক্ষ সহযোগিতায় গত এক দশকে ১১ লাখ কোটি টাকার বেশি পাচার হয়েছে। সম্প্রতি ফরিদপুরে সরকারের শীর্ষ নেতৃত্বের নিকটাত্মীয় দুই হাজার কোটি টাকা পাচারের দায়ে ধরা পড়েছেন। এর আগে ফরিদপুর ছাত্রলীগের দুই নেতা আরও দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ধরা পড়েছেন। শুধু তা–ই নয়, নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র প্রকাশ্যে বলেছেন, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি ও টাকা পাচারের সঙ্গে কে এবং কার স্ত্রী জড়িত, সে কথা দেশবাসী নিশ্চয়ই ভুলে যাননি।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফান্ডের টাকা হ্যাকিংয়ের ঘটনা উল্লেখ করে রিজভী বলেন, জনগণ জানতে চান, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফান্ড থেকে ডিজিটাল দুর্নীতির মাধ্যমে লোপাট করা ৮১০ কোটি টাকা এখনো কেন ফেরত আনা যায়নি? ৮১০ কোটি টাকা লোপাট করার খবরটি কেন ২৮ দিন পর্যন্ত দেশের জনগণকে জানতে দেওয়া হয়নি? জনগণ জানতে চান, করোনাকালে টিকা কেলেঙ্কারির ২৩ হাজার কোটি টাকা কোথায় গেছে। তিনি বলেন, এই হাজার হাজার কোটি টাকা প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের পকেটে গেছে।

ভারতে গ্রেপ্তার দেশের শীর্ষস্থানীয় অর্থ আত্মসাৎকারী প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা পাচারকারী পি কে হালদারের সঙ্গে প্রতিদিন একেকজন আওয়ামী লীগ নেতার ছবি প্রকাশিত হচ্ছে। জনগণের অর্থ আওয়ামী শাসকগোষ্ঠী কীভাবে লোপাট করেছে, তার নতুন নতুন রোমহর্ষক তথ্য বেরিয়ে আসছে। এসব অজানা লুটপাটের কাহিনি বেরিয়ে আসতে শুরু করায় সরকার এখন দিশাহারা। সে জন্যই আকস্মিকভাবে জিয়া পরিবার ও বিএনপির বিরুদ্ধে বানোয়াট কাহিনি প্রচার করে নিজেদের চেহারাকে আড়াল করার ব্যর্থ চেষ্টা করছেন ক্ষমতাসীন দলের নেতারা।