করোনার পাশাপাশি সাম্প্রদায়িক অপশক্তি পরাজিত করাই চ্যালেঞ্জ: সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ছবি: ফেসবুক থেকে নেওয়া

সরকারের সামনে দুটি চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনা প্রতিরোধের চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করাই সরকারের বড় চ্যালেঞ্জ।

আজ শনিবার ঐতিহাসিক মুজিবনগর সরকার দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সামনে দুটি চ্যালেঞ্জ। একটি হচ্ছে দ্বিতীয় তরঙ্গরূপে প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশে যে আঘাত হেনেছে, সেটাকে প্রতিরোধ ও পরাজিত করা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জের মুখোমুখি আছি। তা মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। শক্তিকে সংহত করতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘দ্বিতীয়ত মুজিবনগর সরকার তথা স্বাধীনতার চেতনার শত্রু সাম্প্রদায়িকতাকে রুখতে হবে, প্রতিহত ও পরাজিত করতে হবে।’

কাদের বলেন, ‘মূলত এই দুটি চ্যালেঞ্জ আমাদের সামনে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে করোনাকে প্রতিহত করব এবং সাম্প্রদায়িক অপশক্তিকেও পরাজিত করব।’

করোনা মোকাবিলায় সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই জানিয়ে কাদের বলেন, সরকারের আন্তরিকতা, চেষ্টা বা সদিচ্ছার কোনো ঘাটতি নেই। সব ধরনের ঘাটতি সরকার পূরণ করার চেষ্টা করছে। করোনা নিয়ে দুনিয়াব্যাপী যে সংকট, তা বাংলাদেশে নতুন কিছু নয়। তবে বাংলাদেশ অনেক দেশের তুলনায় ভালো আছে।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার মতো সাহসী কান্ডারি আমাদের সঙ্গে আছেন, প্রথম তরঙ্গ মোকাবিলায় তিনি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। জীবনের সঙ্গে জীবিকার সমন্বয় করে তিনি পরিস্থিতি মোকাবিলা করেছেন। আজও নেত্রীর ওপর আমাদের ও দেশের জনগণের আস্থা রয়েছে।