
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কাউকে টুপ করে ফেলে দেওয়া বা পানিতে চোবানোর কথা বলা মারাত্মক অপরাধ। এটা হত্যা চেষ্টার শামিল।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
১৮ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের এক আলোচনা সভায় সেতু প্রসঙ্গে বক্তৃতাকালে বলেছিলেন, ‘খালেদা জিয়া বলেছিল, জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে। সেতুতে যে স্প্যানগুলো বসাচ্ছে, এগুলো তাঁর কাছে ছিল জোড়াতালি দেওয়া। বলেছিল, জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চড়া যাবে না। চড়লে ভেঙে পড়বে। আবার তাঁর সঙ্গে কিছু দোসরেরাও…তাদেরকে এখন কী করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে গিয়ে ওখান থেকে টুস করে নদীতে ফেলে দেওয়া উচিত।’
প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘সে (প্রধানমন্ত্রী) বক্তৃতায় যাই বলুক। ঠাট্টা করুক আর মশকরা করুক, একজনকে টুপ করে ফেলে দেওয়া, আরেকজনকে চুবানোর কথা বলা বোধহয় ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে। পেনাল কোডের দৃষ্টিতে এটা কিন্তু মারাত্মক অফেন্স। অ্যাটেম্পট টু মার্ডার। আমাদের যে আইনজীবী ফোরাম আছে, এত আইনজীবী আছে তারা কি এটা নিয়ে আদালতে রিট পিটিশন বা কোনো মামলা করছে? করে নাই। আর আমরা কোনো কথা বললে, দেশের আনাচে–কানাচে খালি মামলাই হইতে থাকে। আমি জানি আদালতে গেলেও এই মামলা নিবে না।’