জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সোমবার ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পৈতৃক বাড়ির সামনে আওয়ামী লীগের পক্ষ থেকে শোকসভা ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।
ইস্কান্দারিয়া মাদ্রাসার পাশে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন।
জাতীয় শোক দিবস উপলক্ষে ফেনী জেলা আওয়ামী লীগ এ নিয়ে দ্বিতীয়বারের মতো খালেদা জিয়ার পৈতৃক বাড়ির সামনে কাঙালি ভোজসহ নানা আয়োজন করে।
দলীয় সূত্র জানায়, গত কয়েক দিন থেকে এ নিয়ে প্রস্তুতি চলে আসছিল। গত রোববার রাতে চারটি গরু জবাই করা হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গরু জবাইসহ বিভিন্ন কাজের তদারক করেন। গতকাল সকাল থেকে জেলার বিভিন্ন অঞ্চল থেকে নেতা-কর্মীরা খালেদা জিয়ার পৈতৃক বাড়ির সামনে জড়ো হতে থাকেন। দুপুর ১২টায় শোকসভা শুরু হয়। সভা শেষে দরিদ্রদের মাঝে শাড়ি-লুঙ্গি ও খাবার বিতরণ করা হয়।