যুবদলের বিভিন্ন ইউনিটের কমিটি করতে বলেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল রোববার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তাঁর সঙ্গে যুবদলের কারামুক্ত ৩৯ জন নেতা-কর্মী দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান যুবদলের নেতারা।
পরে যুবদলের নেতারা বলেন, বিএনপির চেয়ারপারসন বলেছেন, অনেক জায়গায় ১০ বছর হয়ে গেছে যুবদল ও ছাত্রদলের কমিটি নেই। যার ফলে অনেক কাজ করা যায় না। তাই এ কমিটিগুলো করতে হবে। তিনি বলেন, যুবদলের অনেক নেতা-কর্মী আছেন যাঁরা পদ পাওয়ার যোগ্য, তাঁদের সবাইকে পদ দেওয়া যায়নি। যাঁরা বাদ পড়েছেন, তাঁদের বিএনপির জেলা কমিটিতে পদ দেওয়া হবে। তিনি জেল-জুলুম, হত্যার প্রতিবাদে নেতা-কর্মীদের প্রতিবাদী হওয়ার আহ্বান জানান।
এ সময় বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিনসহ যুবদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।