গাইবান্ধার তিন উপজেলার চার ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় হয়েছে। এসব ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নে আমির হোসেন তালুকদার ৬ হাজার ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী শাহানা আকতার পেয়েছেন ৪ হাজার ৬৭৮ ভোট। একই উপজেলার কামারদহ ইউনিয়নে তৌফিকুল ইসলাম ৮ হাজার ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রার্থী আওয়ামী লীগের শরিফুল ইসলাম পেয়েছেন ৮ হাজার ১৭ ভোট।
পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে তৌফিকুল আমিন মণ্ডল নির্বাচিত হন ৪ হাজার ৮৮৯ ভোট পেয়ে। তাঁর নিকটতম সুলতান আহমেদ পান ৩ হাজার ৭৪০ ভোট। সুন্দরগঞ্জের হরিপুর ইউনিয়নে নাফিউল ইসলাম ৩ হাজার ৯৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রার্থী মাজাহারুল ইসলাম পান ৩ হাজার ২২২ ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রামাণিক বলেন, গত সোমবার ওই সব ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।