দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনকে সরকারের রাজনৈতিক কূটকৌশল মনে করলেও বিএনপি এখনই এতে গ্রহণ বা বর্জনের কথা ভাবছে না। দলের চেয়ারপারসন খালেদা জিয়া দেশের বাইরে থাকায় এ বিষয়ে এখন পর্যন্ত দলের ভেতরে কোনো আলোচনা হয়নি। এই অবস্থায় আসন্ন স্থানীয় সরকারের নির্বাচনে বিএনপির যাওয়া না-যাওয়ার সিদ্ধান্ত নিতে আরও সময় লাগবে।
এ বিষয়ে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘বিএনপি একটি নির্বাচনমুখী দল। যৌক্তিক কারণে দু-একটি ব্যতিক্রম ছাড়া বিএনপি সব নির্বাচনে অংশ নিয়েছে এবং ভবিষ্যতেও সব নির্বাচনে অংশ নিতে চায়। কিন্তু এ ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে সরকারের আজ্ঞাবহ ও মেরুদণ্ডবিহীন নির্বাচন কমিশন। এই কমিশন নিরপেক্ষ নির্বাচন পরিচালনার সামর্থ্য রাখে বলে জনগণ মনে করে না। প্রশাসনও নিরপেক্ষ না। এর সঙ্গে সরকারের নির্যাতন-নিপীড়ন।’
বিএনপি মনে করে, একটি রাজনৈতিক ‘দুরভিসন্ধি’ এবং ‘অসৎ উদ্দেশ্য’ থেকে সরকার তড়িঘড়ি করে দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। দলটির নেতারা বলছেন, বিরোধী দলকে কোণঠাসা অবস্থানে রেখে সরকার এ নির্বাচন করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। যাতে অনেকটা একতরফাভাবে জয়ী হওয়া যায়। আর তা আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখানোর ছক কষছে সরকার।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একজন নেতা বলেন, সরকার আশঙ্কায় আছে যে, ৫ জানুয়ারির ‘একতরফা’ সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূতির দিনকে ঘিরে বিএনপি আবারও আন্দোলনে নামতে পারে। তাই আন্দোলন যাতে দানা বাঁধতে না পারে, সে জন্য ডিসেম্বর থেকেই নির্বাচন শুরুর পরিকল্পনা নিয়েছে। আন্দোলন ঠেকাতে এ নির্বাচন কয়েক মাস দীর্ঘায়িত করা হতে পারে।
বিএনপির প্রধান রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামী সরকারের এ সিদ্ধান্তে হতাশা জানিয়েছে। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল এক বিবৃতিতে বলেছেন, সরকারদলীয় সাংসদ, জেলা প্রশাসক ও উপজেলা চেয়ারম্যানরা স্থানীয় প্রশাসনকে ব্যবহার করে আওয়ামী লীগের প্রার্থীদের যে বিজয়ী ঘোষণা করবে, তাতে কোনো সন্দেহ নেই।