হরতালবিরোধী সমাবেশে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেছেন, খালেদা জিয়া ধ্বংসের রাজনীতি করছেন। রাজনৈতিক কর্মসূচির নামে পেট্রলবোমা দিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। সে কারণে বিএনপি-জামায়াতের হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে।
গতকাল সোমবার দুপুরে নগরের দারুল ফজল মার্কেট চত্বরে হরতালবিরোধী এ সমাবেশ হয়। নেতারা বলেন, অযৌক্তিক হরতাল-অবরোধ, নৈরাজ্যের প্রতিবাদে জনগণকে নিয়ে রাজপথে আওয়ামী লীগ সক্রিয় রয়েছে।
নগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, পরিবেশ ও বনবিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক দেবাশীষ গুহ, কার্যনির্বাহী সদস্য গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, সাইফুদ্দিন খালেদ বাহার, অমল মিত্র, আবদুর রহমান প্রমুখ।