চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন ১৫ অক্টোবর

দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সম্মেলনের ঘোষণা দেওয়া হয়
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর সম্মেলনের তারিখ ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ।

আজ শনিবার দলের বর্ধিত সভায় এ তারিখ ঘোষণা করা হয়। দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে দলের উপজেলা ও ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ আল মাহমুদ বলেন, আগামী ১৫ অক্টোবর দক্ষিণ জেলার সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে আগামী এক মাসের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হবে।

আবু সাঈদ আল মাহমুদ আরও বলেন, সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণ জেলার প্রতিটি উপজেলার সম্মেলন শেষ করতে হবে। এর আগে বর্ধিত সভা করে উপজেলাগুলোর সম্মেলনের তারিখ ঘোষণা করে দিতে হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে বাঁশখালীতে ২৬ জুন থেকে ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলন শুরু করতে বলা হয়েছে। এখানে ১৫ জুন ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানতে চাইলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ১৫ অক্টোবর জেলা সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে তৃণমূলের সম্মেলন শেষ করতে বলা হয়েছে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সম্মেলন ইতিমধ্যে শুরু হয়েছে।

এর আগে ১ অক্টোবর নগর আওয়ামী লীগের সম্মেলনের ঘোষণা দেওয়া হয়। গত ২৬ মে নগর আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ ঘোষণা দিয়েছিলেন।