
চাঁদপুরের কচুয়া উপজেলায় একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেনের ডাকা সমাবেশে আসার পথে নেতা-কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। চাঁদপুর-১–এর (কচুয়া) বর্তমান সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের সমর্থকেরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন গোলাম হোসেন।
গতকাল বৃহস্পতিবার কচুয়ার মিয়ার বাজারে গোলাম হোসেনের বাড়িতে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ডাকা এক সমাবেশের আয়োজন করা হয়।
গোলাম হোসেন অভিযোগ করেন, ‘উপজেলার রহিমানগর, সাতবাড়িয়া, তালতলী, পালগিরি, সুবিদপুর ও উজানি থেকে আসা আমার কর্মীদের ওপর হামলা করেছে স্থানীয় সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের সমর্থকেরা। এ ঘটনায় ১২ থেকে ১৫ জন আহত হয়।’
আহত ব্যক্তিদের গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন যুবলীগের নেতা নেয়ামতউল্যাহ, ইউনুছ, এমরান, কামাল, আক্কাস, নবীর হোসেন, সাইফুল ইসলাম, এনামুল হক এ নজরুল ইসলাম।
এ ব্যাপারে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইউব আলী পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরীর মোবাইল ফোনে কয়েকবার ফোন করা হয়েছে। তবে তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান শিশির বলেন, তিন–চারজন আহত হয়েছেন বলে তিনি শুনেছেন। কিন্তু কীভাবে হয়েছেন, তা তাঁর জানা নেই।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, মিয়ার বাজারে কিছু ঝামেলা হয়েছি শুনেছি। পরিদর্শক (তদন্ত) মো. শাহজাহান কামাল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছেন।
পুলিশ সুপার জিহাদুল কবির জানান, কচুয়ার মিয়ার বাজারে একটি কর্মী সমাবেশে যাওয়ার পথে গোলাম হোসেনের কর্মীদের বাধা দেওয়ার কথা শুনেছি। তিনি বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে গোলাম হোসেনের বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।