ছাত্রদলের ওপর হামলা ছাত্রলীগের অপকর্মের নজির: সাদা দল

ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে গেলে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তাঁদের ওপর হামলা চালায় ছাত্রলীগ
ছবি: সাজিদ হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলাকে ন্যক্কারজনক উল্লেখ করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। সংগঠনটি বলেছে, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিনিয়ত নানা  অপকর্ম চালিয়ে যাচ্ছে৷ ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা এরই নজির৷

আজ মঙ্গলবার সন্ধ্যায় সাদা দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন সংগঠনের আহ্বায়ক মো. লুৎফর রহমান।

এর আগে আজ সকালে ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে গেলে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তাঁদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এতে ছাত্রদলের অন্তত ৩০ জন আহত হন৷ পরে বেলা সাড়ে ১১টার দিকে দোয়েল চত্বরে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতেও বেশ কয়েকজন আহত হন। একপর্যায়ে ছাত্রলীগের ধাওয়ায় ছাত্রদল ক্যাম্পাস ত্যাগ করে।

সাদা দলের বিবৃতিতে বলা হয়, ‘ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলায় নারী সদস্যসহ ছাত্রদলের বেশ কিছু নেতা-কর্মী আহত হয়েছেন। আমরা এই ন্যক্কারজনক সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, এক যুগেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব মত ও পথের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ নেই। ক্ষমতাসীন দলের সমর্থক ছাত্রলীগ হল ও ক্যাম্পাসে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। হলগুলোতে ‘গেস্টরুম সংস্কৃতি’র নামে ভিন্নমত ও সাধারণ শিক্ষার্থীদের ওপর অত্যাচার-নিপীড়ন চালিয়ে এক রকমের ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে তারা।’

সাদা দলের বিবৃতিতে আরও বলা হয়, ছাত্রদলের ওপর হামলার সময় চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রের ব্যবহার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো একক ছাত্রসংগঠনের সম্পত্তি নয়। সব মত-পথের শিক্ষার্থী ও ছাত্রসংগঠন এখানে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে—এটাই এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য৷ এই ঐতিহ্য বিনষ্টকারী সন্ত্রাসীদের বিনা উসকানিতে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর আজকের হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি৷ অন্যথায় উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায়ভার তাদেরই নিতে হবে।