ছাত্রদলের ওপর হামলা নির্বাচনী চক্রান্ত: এলডিপি মহাসচিব

ছাত্রদলের কয়েকজন চিকিৎসাধীন নেতাকে দেখতে হাসপাতালে যান শাহাদাত হোসেন
ছবি: সংগৃহীত

ঢাকায় ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেছেন, বিনা ভোটের সরকার ছাত্রদলের ওপর চড়াও হয়ে ছাত্রদের মুখ বন্ধ করতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও দখলদারি চালিয়ে ক্ষমতায় আরোহণ করার জন্যই তাদের এ চক্রান্ত।

আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শাহাদাত হোসেন এ কথা বলেন। গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও সুপ্রিম কোর্ট এলাকায় ছাত্রলীগের সশস্ত্র হামলায় ছাত্রদলের প্রায় অর্ধশত নেতা-কর্মী আহত হন।

শাহাদাত হোসেন আহত কয়েকজন নেতাকে দেখতে হাসপাতালে যান। বিবৃতিতে তিনি বলেন, সরকার ক্ষমতার লোভে অন্ধ হয়ে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে। যে সময় ছাত্ররা পড়ার টেবিলে থাকার কথা, সে সময় যারা রাজনৈতিক প্রতিপক্ষকে মারধর করতে ছাত্রদের লেলিয়ে দেয়, তারা কোনোভাবে ছাত্রসমাজের বন্ধু হতে পারে না।

এ ঘটনাকে দেশকে অস্থিতিশীল করে আওয়ামী লীগ সরকারের নতুন কোনো সুযোগ নেওয়ার অপচেষ্টা বলে মন্তব্য করেন এলডিপির মহাসচিব। তিনি বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সন্দেহ সৃষ্টি করেছে। তাদের সামনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিএনপির অফিস ভাঙচুর করেছে। ছাত্রদের পিটিয়েছে।

বিবৃতিতে শাহাদাত হোসেন সব ছাত্রসংগঠনকে ঐক্যবদ্ধভাবে ছাত্রলীগের অবিচার, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ছাত্রদলের ওপর হামলা করে ছাত্রসমাজের মুখ বন্ধ করা যাবে না। মেরে ছাত্রসমাজকে ঘরে আটকে রাখা যাবে না।