গুলশানের ঘটনাসহ দেশে সাম্প্রতিক জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে জাতীয় সংলাপ চান জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি গতকাল রোববার রংপুরের দর্শনা মোড়ের ‘পল্লী নিবাস’ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
তিন দিনের ব্যক্তিগত সফরে রংপুরে এসে এরশাদ বলেন, সন্ত্রাস প্রতিরোধে দরকার সংলাপের, যেখানে সব দল যুক্ত হবে। সবাই একসঙ্গে বসলে বিশ্ববাসী দেখবে, এ দেশের রাজনৈতিক দলগুলো একটি ইস্যু নিয়ে একসঙ্গে বসেছে। সংলাপের উদ্যোগ সরকারকেই নিতে হবে।
জাপার চেয়ারম্যান বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সরকারের গোয়েন্দা সংস্থা ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেই সঙ্গে সরকার ফেল করেছে। ঘরে ঘরে কর্মসংস্থানের সুযোগ না হওয়ায় যুবকেরা জঙ্গিবাদের দিকে ঝুঁকে পড়ছে।