দেশের মানুষ আশায় আছে, বিরোধী দলগুলো আন্দোলন গড়ে তুলবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ আশা করে আছে যে বিরোধী দলগুলো একটা ঐক্যের মধ্যে এই সরকারের বিরুদ্ধে সফল–কার্যকর আন্দোলন গড়ে তুলবে। সেই আন্দোলনের মাধ্যমে পরিবর্তন এনে ‘জনগণের একটা সরকার ও পার্লামেন্ট’ হবে।

‘ঐক্যবদ্ধ আন্দোলন’–এর রূপরেখা প্রণয়নে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে বিএনপি। মঙ্গলবার সংলাপের প্রথম দিন ‘জনগণের সরকার ও পার্লামেন্ট’ গঠনের লক্ষ্যে নাগরিক ঐক্যের সঙ্গে বসেছিল দলটি। বিকেল পাঁচটা থেকে দেড় ঘণ্টার বৈঠক শেষে এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ের পাশে শিশুকল্যাণ পরিষদ ভবনের সম্মেলনকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন দলটির সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে নাগরিক ঐক্যের সঙ্গে ‘কার্যকর’ আলোচনা হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা একটা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য এই আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছি। উদ্দেশ্যে একটাই, এটাকে একটা যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়া।’

এ আলোচনার রেশ ধরে বাকি দলগুলোর সঙ্গেও আলোচনা ফলপ্রসূ হবে বলে আশা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি আশা করেন, অন্যদের সঙ্গে অতিদ্রুত আলাপ-আলোচনা শেষ একটি যৌথ আন্দোলনের সূচনা সম্ভব হবে।

মাহমুদুর রহমান বলেন, এ বৈঠক আনুষ্ঠানিক হলেও অনানুষ্ঠানিক পর্যায়েও বিএনপির সঙ্গে কথা হয়েছে। আন্দোলন গড়ে তোলার জন্য যা করা দরকার, সব না হলেও মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। মৌলিক বিষয়গুলোর একটি হলো, এই সরকারের অধীনে একটা সুষ্ঠু, ভালো, গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। এটা এ দেশের সব বিরোধী রাজনৈতিক দল বলেছে। এরই ভিত্তিতে এই সরকার চলে যাওয়ার পর পরবর্তী নির্বাচন ও সরকার প্রতিষ্ঠা পর্যন্ত যারা দায়িত্বে থাকবে, তাকে যে নামেই ডাকা হোক না কেন, একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে।

মাহমুদুর রহমান বলেন, ‘এ দাবির ভিত্তিতে আমরা বিজয় পর্যন্ত লড়াই করব, এ চিন্তায় কাজ করছিলাম। আজকে বৈঠকের প্রথমে আমরা সেই কথার পুর্বব্যক্ত করেছি।’
নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, ‘এ আন্দোলনকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়া যায় কীভাবে, আমাদের দলগুলোর পারস্পরিক বোঝাপড়া-সমঝোতা, নিজেদের দলগুলোর কোনো সমস্যা, কোনো রাজনৈতিক সংকট, এগুলো নিয়ে আমরা কথা-বার্তা বলেছি। একটা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার পদক্ষেপ হিসেবে আজকের এ বৈঠককে আমরা বিবেচনা করছি। আমি মনে করি, বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে আমাদের ভূমিকা মুখ্য হবে।’

কী নিয়ে আলোচনা হয়েছে—এর জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রধান বিষয় হচ্ছে, গণতন্ত্র পুনরুদ্ধার। একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনকালীন একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার। আমরা আলোচনা করেছি, নিরপেক্ষ সরকার গঠনের পর নির্বাচন কমিশন পরিবর্তনের মধ্য দিয়ে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে অংশগ্রহণকারী সব দলকে নিয়ে মতামতের ভিত্তিতে একটি সরকার গঠন করা, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে একটা জাতীয় সরকার গঠন করা হবে।’
সংলাপে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম ও নির্বাহী কমিটির সদস্য জহির উদ্দিন স্বপন। অন্যদিকে মাহমুদুর রহমানের নেতৃত্বে নাগরিক ঐক্যের প্রতিনিধি হিসেবে ছিলেন দলটির উপদেষ্টা এস এম আকরাম, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রমুখ।