
ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে ২৬ অক্টোবর। এরই মধ্যে রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে আত্মপ্রকাশ অনুষ্ঠান করার অনুমতি চাওয়া হয়েছে। সেটি না হলে ঢাকার যেকোনো জায়গায় অনুষ্ঠান করে নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে৷
ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে এসব তথ্য জানান৷
নুরুল হক বলেন, ‘গত ৩০ সেপ্টেম্বর আমাদের দল ঘোষণার কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি৷ পরে আমরা ২০ অক্টোবর দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান করার পরিকল্পনা করি৷ প্রশাসনিক জটিলতায় অনুষ্ঠানের ভেন্যুর (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন) অনুমতি না পাওয়ায় পরে সেটিও পরিবর্তন করা হয়৷ এবার আমরা ২৬ অক্টোবর অনুষ্ঠানটি করার সিদ্ধান্ত নিয়েছি৷
অনুষ্ঠানের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তন ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে৷ এখনও অনুমতি মেলেনি৷ যদি অনুমতি না মেলে, তাহলে ২৬ অক্টোবর ঢাকার যেকোনো জায়গায় অনুষ্ঠান করে দলের ঘোষণা দেওয়া হবে৷