পদ্মা সেতুর পিলারে ধাক্কা—অদক্ষতা, নাকি নাশকতা: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বাসস

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কা চালকের অদক্ষতা, নাকি নাশকতা, তা খতিয়ে দেখা হবে।
আজ বুধবার দুপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘ফেরির ধাক্কা বারবার কেন? একবার নয়, দুবার নয়, চার–চারবার। অদক্ষতার জন্য চালককে শাস্তি দিলেন। চাকরিচ্যুত করলেন। চালকের অদক্ষতা, নাকি নাশকতা, তা খতিয়ে দেখতে হবে। নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বারবার এ ঘটনা কেন ঘটবে? আমাদের বিষয়টি খতিয়ে দেখা দরকার। এই প্রকল্প নিয়ে ষড়যন্ত্র ছিল, তা এখনো শেষ হয়নি।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গেলে এই সেতু নির্মাণ অনিশ্চিত হয়ে পড়ে। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেন। আজ পদ্মা সেতু দৃশ্যমান। আগামী জুনের মধ্যে যানবাহন চলাচল করবে বলে আশা করছি। সব পিলার নির্মাণ শেষ হয়েছে। এ কথা বলছি এ কারণে যে গত এক মাসে চারবার সেতুর পিলারে ফেরির ধাক্কা লেগেছে।’

পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগা রো রো ফেরি শাহ জালাল। ২৩ জুলাই বেলা ১১ টার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রাজনৈতিক সরকার। রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেন, আমলারা তা বাস্তবায়ন করেন। সরকার সঠিক পথেই আছে। সব পলিসি নির্ধারণ করেন আমাদের প্রধানমন্ত্রী। সরকার আমলানির্ভর নয়।’

করোনা নিয়ন্ত্রণের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, মনে রাখতে হবে, স্থায়ী লকডাউন কোনো সমাধান নয়। সচেতন হয়ে অদৃশ্য শত্রু করোনাভাইরাসকে মোকাবিলা করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেয়ার চিন্তাভাবনা করছে সরকার। এর জন্য গণটিকা সফল করা প্রয়োজন।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহসভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু ও আবদুস সালাম প্রমুখ।