পদ্মা সেতু হওয়ার পর ড. ইউনূসদের মুখে কথা নেই: তথ্যমন্ত্রী

কক্সবাজার জেলা সাংস্কৃতিক কেন্দ্রে আজ শুক্রবার সন্ধ্যায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
ছবি: সংগৃহীত

পদ্মা সেতু প্রকল্পের বিরুদ্ধে ড. ইউনূসসহ অনেকে ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, তবে সেতু হওয়ার পর তাঁদের মুখে আর কোনো কথা নেই।

আজ শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার জেলা সাংস্কৃতিক কেন্দ্রে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ।

তথ্যমন্ত্রী বলেন, ‘ড. ইউনূসসহ আরও অনেকে যারা পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তারা বিভিন্ন সময় অনেক বড় বড় কথা বলে; বিশ্বমন্দা, করোনা নিয়ে নসিহত করে। কিন্তু পদ্মা সেতু হওয়ার পর তাদের মুখে আর কোনো কথা নেই।’

পদ্মা সেতু উদ্বোধনের খবরে সেতুবিরোধীদের গাত্রদাহ হচ্ছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘আমি আমার চেয়ে অনেক বয়োজ্যেষ্ঠ ড. মুহাম্মদ ইউনূসের প্রতি গভীর সম্মান রেখেই বলছি, তিনি নিজেও হিলারি ক্লিনটনের মাধ্যমে বিশ্বব্যাংকের কাছে চিঠি লিখেছিলেন যাতে পদ্মা সেতুতে বিশ্বব্যাংক অর্থায়ন না করে, সেই অপচেষ্টা চালিয়েছিলেন।’

পদ্মা সেতুকে বাংলাদেশ, বাংলাদেশের জনগণ ও সরকারের সক্ষমতার প্রতীক হিসেবে অভিহিত করেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সমস্ত ষড়যন্ত্র উপড়ে ফেলে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে প্রমাণ দেখিয়ে দিয়েছেন। পদ্মা সেতু শুধু আমাদের গর্বের সেতু নয়, শুধু পৃথিবীর অন্যতম দীর্ঘ সেতুই নয়, আমাদের সক্ষমতারও প্রতীক।’

এ সময় তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, এমনকি হাইকোর্টের সামনে, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সামনেও বহিরাগত ও সন্ত্রাসীদের সমাবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। এগুলোর পেছনে নিশ্চয়ই তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত আছে।

অনুষ্ঠানে কক্সবাজারের রামুর সংসদ সদস্য সাইমুম সরওয়ার, বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, উপকমিশনার মো. মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।