
বাংলাদেশের কোনো উন্নয়ন ও অর্জনকে দেশের কিছু মানুষ কেন মেনে নিতে পারছেন না, এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন দেখে কেন একদল মানুষ মনে কষ্ট পায়? কেন তারা কোনো অর্জনকে বাংলাদেশের অর্জন বলে মেনে নিতে পারছে না?’
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তির ১৪তম বার্ষিকী উপলক্ষে শনিবার গণভবনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা তাঁকে শুভেচ্ছা জানাতে গেলে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিকভাবে এত বাধা, তবু নিজেদের অর্থে পদ্মা সেতু করেছি। তারপরও কিছু মানুষ এটিকে অর্জন হিসেবে নিতে পারে না। কেন তাদের এই দৈন্য? কোথায় তাদের সমস্যা?’ তিনি বলেন, অনেক উন্নত দেশে প্রবৃদ্ধি যখন নেতিবাচক, তখন আওয়ামী লীগের কারণে বাংলাদেশে মহামারির সময় জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশের বেশি অর্জিত হয়েছে এবং তাঁর সরকার ২০২২-২৩ অর্থবছরের বাজেটও দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগকে সব প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। কারণ, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী আওয়ামী লীগ ও শেখ হাসিনা যাতে ক্ষমতায় আসতে না পারে, সে জন্য সর্বদাই তৎপর রয়েছে।’
২০০১ সালের জাতীয় নির্বাচনের আগের পরিস্থিতির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ একটি আদর্শ নিয়ে রাজনীতি করে, যা প্রত্যেক নেতা–কর্মীর মনে রাখতে হবে ও কোনো লোভের জন্য দেশকে কারও হাতে তাঁরা তুলে দিতে পারেন না। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে সব সময় উজানে নাও ঠেলেই চলতে হয়েছে। জনগণই হলো আমাদের শক্তি। তাই কারও কাছে কোনো দিন মাথা নত করিনি, জীবনভিক্ষা চাইনি। আমি পরিবার থেকে, বাবার (জাতির পিতা বঙ্গবন্ধু) কাছ থেকে এটা শিখেছি যে কারও কাছে বা কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না।’
এক–এগারোর সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় কারান্তরীণ থাকার স্মৃতিচারণা করে শেখ হাসিনা বলেন, ‘যতবার গ্রেপ্তার হয়েছি, ততবারই নেতা–কর্মীদের উদ্দেশে চিঠি দিয়েছি। চিঠির মাধ্যমে নেতা–কর্মীদের নির্দেশনা দিয়েছি, দেশবাসীকে চিঠি দিয়েছি। আওয়ামী লীগের সাধারণ নেতা–কর্মীরা সব সময় ঠিক থাকে—এটা বাবার সময়ও দেখেছি।’
দলের দুঃসময়ে তৃণমূল নেতারা ঠিক থাকেন জানিয়ে আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন ও চাপে বাধ্য হয় আমাকে মুক্তি দিতে। সে সময় মাত্র ১৫ দিনে আমার মুক্তির জন্য ২৫ লাখ সই সংগ্রহ করা হয়, যাতে সে সময়কার সরকারও অবাক হয়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এটাই আওয়ামী লীগ, জনগণই এর শক্তি। আর বিএনপির ক্ষেত্রে তাদের জন্মই হলো আজন্ম পাপ। জনগণ বিএনপির শক্তি না।’
দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান শেখ হাসিনা। সেনা–সমর্থিত এক–এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেপ্তার হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একসময় কারাগারের অভ্যন্তরে শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়েন। তখন বিদেশে চিকিৎসার জন্য তাঁকে মুক্তি দেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপসহীন মনোভাব ও অনড় দাবির মুখে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। এর পর থেকে দিনটি শেখ হাসিনার কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।