পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগ এখন প্রকাশ্যে দুই পক্ষে বিভক্ত হয়ে পড়েছে। গত মঙ্গলবার দুই পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে একে অপরের বিরুদ্ধে নানা অনিয়ম ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তোলে।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এতে একপক্ষে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চিফ হুইপ আ স ম ফিরোজ ও সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার এবং আরেক পক্ষে বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মজিবুর রহমান। এই বিরোধ তৃণমূল পর্যায়েও ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান সংবাদ সম্মেলনে চিফ হুইপ আ স ম ফিরোজের বিরুদ্ধে নানা অনিয়ম ও সংগঠনবিরোধী কার্যক্রমের অভিযোগ আনেন। লিখিত বক্তব্যে তাঁরা বলেন, আ স ম ফিরোজ শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির নামে নিয়োগ-বাণিজ্য করেছেন। প্রতিপক্ষকে ঘায়েল করতে উপজেলার বিভিন্ন স্থানে নিজস্ব বাহিনী দিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি-সংবলিত বোর্ড ভেঙে প্রতিপক্ষ দলীয় কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে তিনটি চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এমনকি মুঠোফোনে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে গালাগাল ও জীবননাশের হুমকি দিতেও দ্বিধাবোধ করেননি তিনি।
সংবাদ সম্মেলনে মেয়র ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এন এন জাহাঙ্গীর হোসেন, সাবেক সহসভাপতি নুরুল হক হাওলাদার ও সাবেক সাধারণ সম্পাদক জসীমউদ্দিন ফরাজি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদ রাহাতসহ অন্য নেতা-কর্মীরা।
একই দিন বেলা দেড়টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় আরেকটি সংবাদ সম্মেলন হয়। সেখানে লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার চিফ হুইপ আ স ম ফিরোজকে দক্ষিণ বাংলার কিংবদন্তি নেতা দাবি করেন। সেই সঙ্গে প্রতিপক্ষকে স্বার্থান্বেষী ও ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করেন। চিফ হুইপের সমর্থকদের হামলা ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন মোতালেব হাওলাদার।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক, আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি এ কে এম হুমায়ুন কবিরসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।