
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে কিছু দেশি-বিদেশি ফেরিওয়ালা নেমেছে। একটা নির্বাচনী হাওয়া তোলার জন্য একদিকে নির্যাতন, আরেক দিকে নিচ দিয়ে হাত মেলানোর একটা চক্রান্ত চলছে। ভারত এবং আমেরিকা—যেকোনো দেশের সহযোগিতা আমাদের প্রয়োজন নাই। তবে জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বিশ্বের সহযোগিতা আমাদের জরুরি।’
আজ রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’–এর উদ্যোগে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক ও জাতীয় স্বার্থ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ঝুড়ির মধ্যে ১০০ সংসদের আসন নিয়ে ঘুরছে। মনে হচ্ছে, এটা একটা ফলের দোকান। বলছে, লাগবে, কিনবেন? ফেরিওয়ালা যেভাবে বলে। এই রকম কিছু ফেরিওয়ালা নামছে ডিপ্লোমেটিক ও বড় বড় এলাকায়। পুরান ঢাকায় তো নাই। তারা ওখানে নানা জায়গায় যায়। কেউ হয়তো কেনার জন্য এক পা এগোয় আবার তিন পা পেছায়। কারণ, জনগণের কাছে যদি আবার ধোলাই-টোলাই খেয়ে বসে। এ রকম একটা চক্রান্ত চলছে। এই ফেরিওয়ালা কিন্তু শুধু দেশি না। এই ফেরিওয়ালা কিন্তু বিদেশিও আছে। এই ফেরিওয়ালাগুলি বিনা পোশাকে। কিন্তু সরকারের লোক। বিনা পোশাকে কিন্তু বিনা অস্ত্রে না। তারা নানা জায়গায় গিয়ে ঠেক দেয়, নানা জায়গায় গিয়ে বোঝায়।’
গয়েশ্বরের মতে, বিএনপিকে ক্ষমতায় আনার জন্য গণতান্ত্রিক বিশ্বের কারও সহযোগিতা প্রয়োজন নেই। তিনি বলেন, ‘ভারত এবং আমেরিকা, যেকোনো দেশের সহযোগিতা আমাদের প্রয়োজন নাই। তবে জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বিশ্বের সহযোগিতা আমাদের জরুরি।’
গয়েশ্বর আরও বলেন, ‘গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন তো আমাদের ধইর্যা নিয়ে বেইচা দিলো। এখন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এই দায়িত্ব পালন করতে চান, এই তো। কিন্তু ন্যাড়া বেলতলায় দ্বিতীয়বার যায় না।’ বর্তমান সরকারের সঙ্গে কোনো শর্ত হতে পারে না উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শর্ত পাঁচটি—পদত্যাগ, সংসদ বাতিল, নির্বাচন কমিশন বাতিল, ইভিএম বাতিল এবং নির্বাচনকালীন সরকার (যে নামেই ডাকি)। এই বাইরে কোনো অল্টারনেটিভ হবে না।’
কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।