কানাডার ফেডারেল আদালতে বিএনপিকে ‘সন্ত্রাসী দল’ হিসেবে আখ্যায়িত করায় বাংলাদেশেও বিচারের মাধ্যমে দলটির নিবন্ধন বাতিলের দাবি করেছেন তরীকত ফেডারেশনের সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি। আজ বৃহস্পতিবার সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি এ দাবি করেন।
১৯৯১ সালে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা নজিবুল বশর এ সময় বিএনপির নেত্রী খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, ‘ধর্মের কল বাতাসে নড়ে। এই বিএনপি গত নির্বাচনের আগে মানুষ পুড়িয়ে হত্যা করেছিল। নারী-শিশুরা এখনো কাতরাচ্ছে। আমরা বারবার বলেছি, যারা যুদ্ধাপরাধী-সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়, তারাও সন্ত্রাসী। আল্লাহর গজব পড়েছে। বিদেশের মাটিতে এখন বিএনপিকে সনদ ধরিয়ে দিয়েছে।’
মাইজভান্ডারি বলেন, ‘জামায়াত-শিবিরের সন্ত্রাসী কার্যক্রমের জন্য যেমন তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে; বিএনপিরও নিবন্ধন বাতিল করতে হবে। তাদের এক নেতা বলছেন, তাঁরা গণ-অভ্যুত্থান চান। তাঁরা আসলে কী চান? আগামী নির্বাচনে যাতে একই কাজ করতে না পারে, সে জন্য সজাগ থাকতে হবে।’