কুলিয়ারচর পৌরসভার উপনির্বাচন

বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে বিএনপির প্রার্থী মো. কামাল হোসেনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তথ্য গোপন করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুলিয়ারচর পৌরসভার টানা দুইবারের মেয়র ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল হাসান (৫৩)। গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে তিনি সর্বশেষ মেয়র নির্বাচিত হন। গত ৭ এপ্রিল তিনি মারা গেলে মেয়র পদটি শূন্য হয়। আগামী ৪ আগস্ট মেয়র পদে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা। বিএনপি থেকে সমর্থন দেওয়া হয় পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনকে। গতকাল ছিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন। কামাল হোসেন মনোনয়নপত্রের হলফনামায় শিক্ষাগত যোগ্যতার ছকে নিজেকে স্বশিক্ষিত হিসেবে উল্লেখ করেছেন। নির্বাচন কার্যালয় অনুসন্ধান করে নিশ্চিত হয় তিনি স্বশিক্ষিত নন, উচ্চমাধ্যমিক পাস।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক মিয়া বলেন, উচ্চমাধ্যমিক পাস করার পরও স্বশিক্ষিত উল্লেখ করা মানে তথ্য গোপন করার অভিযোগে অভিযুক্ত হওয়া। বিএনপির প্রার্থী কামাল হোসেন ওই কাজটিই করেছেন। ফলে তথ্য গোপন করার অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
প্রার্থিতা বাতিল হওয়ার বিষয়ে কামাল হোসেন বলেন, ‘নৌকা প্রতীকের প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করার জন্যই অজুহাত দাঁড় করিয়ে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রতিকার পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপিল করব।’