
প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘সরকার দম্ভ করে বলছে, বাজেট তারা ব্যবসায়ীদের জন্য দিয়েছে। ব্যবসাবান্ধব বাজেট। আমরা কারা? দেশের মানুষ কারা?’
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের মানববন্ধনে অংশ নিয়ে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।
বিএনপির এই নেতা আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অসহনীয়ভাবে বেড়েছে। তিনি বলেন, ‘আমরা সরকারের ভূমিকায় তাজ্জব বনে গেছি। এই সরকার মানুষকে খাওয়াতে পারে না। চালের দাম, তেলের দামসহ এমন কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্য নেই যা হু হু করে বাড়ছে না।’
দেশে কর্মক্ষেত্রের সংকটের কথা তুলে ধরে বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেন, যার খাওয়ানোর মুরোদ নেই, সে কিল মারার গোসাই হয় কীভাবে? দেশের চাকরি-বাকরির অকল্পনীয় সংকট। দেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যা কল্পনা করা যায় না।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকারী ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মাসহ দুই নেতার গ্রেপ্তারের দাবি জানিয়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে শামসুজ্জামান দুদু বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে একমাত্র বাংলাদেশ সরকার ছাড়া সবাই প্রতিবাদ করেছে। অথচ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের সরকার প্রধান হিসেবে এটার প্রতিবাদ জানানো উচিত ছিল। অবিলম্বে প্রতিবাদ জানাতে হবে। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি প্রতিবাদ না করতে পারেন, তাহলে পদত্যাগ করেন।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘আমরা জানতাম, ভারতের মানুষ লেখাপড়া জানে। আমরা জানতাম, তারা সহনশীল। মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের আশ্রয় দিয়েছে। আমাদের পাশে দাঁড়িয়েছিল। তবে তাদের মধ্যে দু-একজন কুলাঙ্গার আছে, এটা আমরা প্রত্যাশা করি না। এদের তো জেলখানায় থাকার কথা। এর বিচার করা উচিত। আমরা বিচার দাবি করছি।’
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, জাতীয়তাবাদী ওলামা দলের নেতা অধ্যক্ষ শাহ নেসারুল হক, নজরুল ইসলাম তালুকদার, জসীম উদ্দিন, আবু বকর প্রমুখ।