>
- নির্বাচন সামনে রেখে ভারতের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির চেষ্টা।
- বিজেপির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য।
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল সে দেশ সফরে যাবে। ২০ সদস্যের প্রতিনিধিদলটি ২২ এপ্রিল সকালে ঢাকা ছাড়বে। ২৩ এপ্রিল দুই দলের নেতাদের মধ্যে আলোচনা হবে। এরপর ২৪ এপ্রিল প্রতিনিধিদলটি ঢাকায় ফিরবে।
আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির এক বৈঠক শেষে গতকাল রোববার দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই সফরের কথা জানান। আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ওবায়দুল কাদের জানান, বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব তাঁদের এই সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
এর আগে গত ১৭ মার্চ ভারতীয় জাতীয় কংগ্রেসের আমন্ত্রণে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল ভারত সফর করে। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে কংগ্রেসের অধিবেশনে অংশ নেয় তারা। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাকের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলে আরও ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণেও আওয়ামী লীগের একাধিক প্রতিনিধিদল ওই দেশ সফর করে।
আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র জানায়, গত বছর ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হওয়ার পরই বিজেপির পক্ষ থেকে সে দেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। নানা কারণে তা আর হয়ে ওঠেনি। সর্বশেষ ১২ মার্চ ২০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ওবায়দুল কাদেরের সফরসূচি ঠিক করা হয়েছিল। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করে আওয়ামী লীগের প্রতিনিধিদলটি। কিন্তু মোদির ব্যস্ত সূচির কারণে তা সম্ভব হয়নি।
দলের নীতিনির্ধারণী সূত্র জানায়, নির্বাচন সামনে রেখে সরকার ও দল-দুই দিক থেকেই ভারতের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করার চেষ্টা আছে আওয়ামী লীগের। বিশেষ করে বিজেপির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য রয়েছে দলটির।
গতকাল ধর্মবিষয়ক উপকমিটির বৈঠক শেষে ওবায়দুল কাদের ভারত সফরে প্রতিনিধিদলের নাম ঘোষণা করেন। এই দলে যাঁরা থাকছেন তাঁদের মধ্যে রয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষকান্তি ভট্টাচার্য; যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান; সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, মেজবাহ উদ্দিন সিরাজ ও মহিবুল হাসান চৌধুরী; দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ; প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।