
অবশেষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের ১০১ সদস্যের কমিটির অনুমোদন দিয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ। দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের সাংসদ আবদুল মতিন খসরুর পছন্দের কমিটিকেই অনুমোদন দেওয়া হয়েছে গত মঙ্গলবার রাতে।
অনুমোদন পাওয়া কমিটিতে সভাপতি হয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী। সাধারণ সম্পাদক পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল বারী।
এর আগে নিজেদের পছন্দের পৃথক কমিটি জমা দিয়েছিলেন সাংসদ আবদুল মতিন খসরু এবং উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আবু তাহের। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে বিরোধ ও সংশয়ের সৃষ্টি হয়েছিল।
ঘোষিত কমিটিকে ‘একতরফা’ বলে মন্তব্য করেছেন উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আবু তাহের। আর আবদুল মতিন খসরু বলেন, ‘আমার উপস্থিতিতে দলের নেতা-কর্মীরা যে কমিটি করে দিয়েছে, সেটিই অনুমোদন হয়েছে।’
অনুমোদিত কমিটিতে সহসভাপতি হয়েছেন নয়জন, যুগ্ম সাধারণ সম্পাদক তিনজন এবং সাংগঠনিক সম্পাদক তিনজন। এ ছাড়া কমিটিতে ৬৬ জনকে কার্যকরী সদস্য রাখা হয়েছে। এর মধ্যে রয়েছেন সাংসদ আবদুল মতিন খসরু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ আবদুল কাফি, সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবু তাহের, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন।
আবু তাহের নিজেকে সভাপতি এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন। তবে অনুমোদিত কমিটিতে তাহেরকে ৪ নম্বর সদস্য ও জসিমকে ১২ নম্বর সদস্য রাখা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের বর্ধিত সভায় কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের সাংসদ ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু ১০১ সদস্যবিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করেন। এতে জাহাঙ্গীর খান চৌধুরীকে সভাপতি ও মো. আবদুল বারীকে সাধারণ সম্পাদক করা হয়। ৩০ নভেম্বর ওই কমিটি অনুমোদনের জন্য কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মো. মুজিবুল হকের কাছে পাঠানো হয়।
তবে একই দিন উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আবু তাহেরও পাল্টা কমিটি গঠন করে অনুমোদনের জন্য কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের দুই নেতার কাছে পাঠান। দুই কমিটির মধ্যে সাংসদ আবদুল মতিন খসরুর পাঠানো কমিটিতে ৩০ নভেম্বরই সভাপতি আ হ ম মুস্তফা কামাল সই করেন। কিন্তু সভাপতির সইয়ের পর সাধারণ সম্পাদকের সই মেলেনি। এরই মধ্যে ১৩ ডিসেম্বর বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা হয়। ওই সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের দুটি কমিটি নিয়ে আলোচনা হয়। পরে কমিটির সদস্যরা দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে কমিটি অনুমোদনের দায়িত্ব দেন। এরপর গত মঙ্গলবার সাংসদের কমিটি অনুমোদন পায়।