মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে গতকাল সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে পাঁচজন চেয়ারম্যান পদপ্রার্থী, ৫৩ জন সাধারণ সদস্য পদপ্রার্থী ও ১৭ জন সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি ও দলীয় প্রার্থী গোলাম মহীউদ্দিন ‘আনারস’, দলটির বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. রমজান আলী ‘মোবাইল ফোনসেট’, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ মফিজুল ইসলাম খান ‘প্রজাপতি’, স্বতন্ত্র প্রার্থী বজলুল হক খান ‘কাপ-পিরিচ’ এবং কাজী রফিকুল ইসলাম ‘তালগাছ’ প্রতীক পেয়েছেন। এ সময় জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান এবং প্রার্থীরা উপস্থিত ছিলেন।