
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিকিৎসার জন্য আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আনা হয়েছে। তিনি কাশিমপুর কারাগারে ছিলেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির এ তথ্য জানান।
মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগমের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ মির্জা ফখরুলকে বিএসএমএমইউতে ভর্তির আদেশ দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতেই তাঁকে চিকিৎসার জন্য বিএসএমএমইউতে আনা হয়েছে। এ ছাড়া তাঁকে চিকিৎসার জন্য বিএসএমএমইউতে ভর্তিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছিলেন আদালত।
স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন), উপ-কারা মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক ও কাশিমপুর কারাগার (পার্ট-২)-এর উপ-কারাধ্যক্ষকে (ডেপুটি জেলার) চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে গাড়ি পোড়ানো, অগ্নিসংযোগসহ নাশকতার অনেকগুলো মামলা রয়েছে। তাঁর আইনজীবীরা জানান, তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।