মেয়র পদে মনজুরকে চট্টগ্রাম ২০ দলের সমর্থন

এম মনজুর আলম। ছবি: ফোকাস বাংলা
এম মনজুর আলম। ছবি: ফোকাস বাংলা

চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মনজুর আলমকে সমর্থন দিয়ে তাঁর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছে চট্টগ্রামের ২০ দল। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর মেহেদিবাগের বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

বৈঠকে মেয়র পদপ্রার্থী মনজুর আলম, চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সহসভাপতি শামসুল আলম ও আবু সুফিয়ান, বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান, নগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চট্টগ্রামের প্রধান নূর মোহাম্মদসহ ২০ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

মনজুরকে সমর্থন দিতে ২০-দলীয় জোটের সভা


বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, চট্টগ্রামে দুই হাজারের মতো নেতা-কর্মী জেলে আছেন। হাজার হাজার নেতা-কর্মী মামলার হুলিয়া নিয়ে পলাতক আছেন। এ অবস্থায় লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে তিনি মনে করেন। তার পরও আন্দোলনের অংশ হিসেবে তাঁরা নির্বাচনে অংশ নিচ্ছেন বলে এই নেতা জানালেন। তাঁর বিশ্বাস, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাকস্বাধীনতা, নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনবে।