স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন দপ্তরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
গতকাল রোববার সকালে সৈয়দ আশরাফের বেইলি রোডের বাসায় গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন খন্দকার মোশাররফ।
১৫ মিনিটের সাক্ষাতের পর খন্দকার মোশাররফ সাংবাদিকদের বলেন, নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগে তিনি ওই মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন।
এ সময় সৈয়দ আশরাফ বলেন, ‘এক সরকারের সদস্য, এক সংসদের এমপি... আমাদের কো-অপারেশন তো অবশ্যই থাকবে।’
সাক্ষাৎ শেষ করেই সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর দপ্তরে যান খন্দকার মোশাররফ। তিনি সকাল সাড়ে ১১টায় সচিবালয়ে পৌঁছালে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে বরণ করেন। নিজ দপ্তরে কিছুক্ষণ বসে তিনি মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে খন্দকার মোশাররফ সাংবাদিকেদের বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এতে নিজেকে ভাগ্যবান মনে করি। সহযোগিতা চাই যেন গুরুদায়িত্ব পালন করতে পারি।’ তিনি বলেন, ‘সৈয়দ আশরাফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। উনি আমার দলের নেতা, দলের সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদকের অনুমতি নেওয়ার জন্য গিয়েছিলাম, বলেছি জয়েন (মন্ত্রণালয়ে) করব কি না? সে বিষয়ে কথা হয়েছে।’ সৈয়দ আশরাফের সঙ্গে সাক্ষাৎকে ‘দলীয় ব্যাপার’ উল্লেখ করে সাংবাদিকদের তা ‘ওই লেভেলে’ রাখারও অনুরোধ করেন তিনি।