
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। এর মধ্যেই আলোচনায় চলে এসেছেন তৃতীয় সর্বোচ্চ ভোট পাওয়া স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার। জয়-পরাজয়ে তাঁর প্রাপ্ত ভোট বড় পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা।
গতকাল বুধবার কুমিল্লায় তৃতীয়বারের মতো সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত সাবেক মেয়র মনিরুল হক সাক্কু স্বতন্ত্র প্রার্থী হয়ে মাত্র ৩৪৩ ভোটে হেরেছেন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাতের কাছে। আর বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আরেক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, কুমিল্লা শহর এলাকায় বিএনপির ভোট সব সময় বেশি ছিল। ১৯৭৩ সালের পর ২০০৮ সালে প্রথম কুমিল্লা-৬ আসনে (শহর এলাকা) সংসদ সদস্য হন আওয়ামী লীগের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার। এরপর থেকে টানা তিনবার জয়ী হয়েছেন তিনি। কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম দুই নির্বাচনেও জয় পান বিএনপির প্রার্থী। এবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ভোট দুই প্রার্থীর মধ্যে ভাগাভাগি হওয়ায় জয় পেয়েছে নৌকার প্রার্থী। যদিও আনুষ্ঠানিকভাবে এবারের সিটি নির্বাচনে অংশ নেয়নি বিএনপি।
২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হন আমিন উর রশীদ ইয়াছিন। ১ লাখ ২ হাজার ৩৫০ ভোট পেলেও ২৪ হাজার ভোটের ব্যবধানে হারেন তিনি। এরপর ২০১৪ সালের নির্বাচনে আর অংশ নেননি। ২০১৮ সালের নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী ছিলেন। কুমিল্লা সিটি করপোরেশন এলাকার পুরোটাই এই সংসদীয় এলাকার আওতায়। আর এবার সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কায়সার হলেন এই ইয়াছিনের শ্যালক। তাই বিএনপির এই নেতার অনুসারী ও নিজস্ব ভোটের পুরোটাই পেয়েছেন কায়সার। এ ছাড়া কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হলেন ইয়াছিন।
কুমিল্লা শহর ও আশপাশের এলাকার বিএনপির রাজনীতিতে তাঁর প্রভাব আছে। এটিও কাজ করেছে কায়সারের পক্ষে। কুমিল্লার বৃহৎ শিল্প গ্রুপ লালমাই গ্রুপের মালিক হলেন ইয়াছিন। তাঁর শিল্পকারখানায় কয়েক হাজার কর্মী কাজ করেন। এসব শিল্পকারখানার আশপাশের এলাকাতেও বেশি ভোট পেয়েছেন কায়সার। কুমিল্লা বিএনপির দুজন নেতা বলেন, দুলাভাইয়ের রিজার্ভ ভোটেই চমক দেখিয়েছেন শ্যালক কায়সার। তিনি নিজেও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন, নির্বাচনের কারণে দলীয় পদ থেকে বহিষ্কৃত হয়েছেন।
এ বিষয়ে নিজাম উদ্দিন কায়সার প্রথম আলোকে বলেন, জাতীয়তাবাদী আদর্শের লোক, তরুণ ভোটার, সরকারবিরোধী অংশ এবং পরিবার, বন্ধু ও তাঁদের অনুসারীদের ভোট পেয়েছেন তিনি। তবে শেষ মুহূর্তে কালোটাকার ব্যবহার, নৌকা ঠেকাও, বাহার ঠেকাও স্লোগান দিয়ে চক্রান্তকারীরা ভোটারদের বিভ্রান্ত করে নিশ্চিত জয় ছিনিয়ে নিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির কুমিল্লা মহানগরের দুই নেতা বলেন, ২০১৭ সালের মেয়র নির্বাচনেও মনিরুল হক সাক্কুর পক্ষে সরব ছিলেন ইয়াছিন। কিন্তু ২০১৮ সালের সংসদ নির্বাচনে ইয়াছিনের বিপক্ষে কাজ করেন সাক্কু। এবার তাই সাক্কুর বিপরীতে প্রার্থী হয়েছেন ইয়াছিন পরিবারের সদস্য। শেষ মুহূর্তে প্রার্থী হলেও মূলত পরিবারের কারণেই ভালো ভোট পেয়ে ভোটের লড়াইয়ে তৃতীয় হয়েছেন কায়সার। কুমিল্লা আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দুই ভাগে বিভক্ত। সব সময় এর সুবিধা পেয়েছে বিএনপি। এবার বিএনপির বিভক্তির সুযোগ নিয়েছে আওয়ামী লীগ। কায়সারের কারণেই সাক্কু হেরেছেন বলে মনে করছেন অনেকে।
তবে জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন নিজাম উদ্দিন কায়সার। তিনি বলছেন, ‘আমি মনে করি সাক্কুর (মনিরুল হক) কারণে আমি হেরেছি। কারণ, বিএনপির আদর্শের সঙ্গে সাক্কু নেই কিন্তু বিএনপির পরিচয় ব্যবহার করে একটি অংশকে বিভ্রান্ত করে আমার ভোট নষ্ট করেছে।’ তবে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। এ জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনকে ধন্যবাদ জানান কায়সার।
কুমিল্লা সিটি নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কায়সারের ২৯ হাজার ভোট প্রাপ্তি নিয়ে আলোচনা হচ্ছে। তফসিল ঘোষণার পরই নির্বাচনে প্রার্থিতার কথা জানান তিনি। অল্প সময়ের প্রচারে তাঁর এই ভোট প্রাপ্তিতে অনেকে বিস্মিত হয়েছেন। মূল দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লড়াইয়ের আড়ালে গণমাধ্যমেও খুব একটা প্রচার পাননি কায়সার। এ নিয়ে বিভিন্ন সময় উষ্মা প্রকাশ করেছেন তিনি।
কুমিল্লার ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষক আহসানুল কবীর প্রথম আলোকে বলেন, সাংগঠনিকভাবে কুমিল্লার বিএনপির বড় অংশ কায়সারের সঙ্গে ছিল। তাঁর দুলাভাই ইয়াছিনের নিজস্ব ভোট পেয়েছেন। লালমাই গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা কাজ করেছেন। বয়সে তরুণ প্রার্থী হওয়ায় নতুন ভোটারদের আকৃষ্ট করতে পেরেছেন। আর সাক্কুকে যাঁরা অপছন্দ করেন, তাঁদের ভোটও পেয়েছেন কায়সার।