রাজনৈতিক দলের প্রতি জনগণের আস্থা নেই: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না
ফাইল ছবি

দেশের রাজনৈতিক দলের প্রতি জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘মানুষ কেন আমাদের মতো রাজনৈতিক দলের আহ্বানে সাড়া দেয় না, আমাদের এই উপমহাদেশের জনগণের সঙ্গে শাসনব্যবস্থার একটা বিরাট পার্থক্য রয়েছে। যাঁরা শাসক, তাঁদের সঙ্গে বহু দূরত্ব রয়েছে। পলাশীর যুদ্ধের ইতিহাসে তার প্রমাণ রয়েছে।’

সোনার বাংলা পার্টির ১২তম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে মান্না এসব কথা বলেন। সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আবুল কাশেম, সভাপতি শাহ আবদুর নুর প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য মান্না বলেন, ‘সাম্প্রতিক সময়ে ভ্যাট, কোটা, নিরাপদ সড়ক, হাফ পাস আন্দোলনের কথা ভেবে দেখেন, ক্ষমতাসীনরা রাজনীতিবিদদের সেখানে ঘেঁষতে দেননি। নটর ডেম কলেজশিক্ষার্থীরা যে আন্দোলন করছে, তারা বলছে, “আমাদের আন্দোলন, আমাদের করতে দিন।” তার মানে হচ্ছে নেতৃত্বের প্রতি, রাজনীতিবিদদের প্রতি তাদের আস্থা নেই।’

শ্রদ্ধার জায়গা তৈরি করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘যাঁরা এত দিন ক্ষমতায় ছিল, তাঁদের জন্য এটি হয়েছে। তাঁরা রাজনীতির মূল্যবোধ ধ্বংস করে দিয়েছে। তাই ছাত্ররা অশ্রদ্ধা প্রকাশ করছে। আমাদের সেই জায়গাটা তৈরি করতে হবে। শ্রদ্ধার জায়গা তৈরি করতে হবে। তাদের বলতে হবে, আমাদের ছাড়া তো তোমরা পারছ না। আমরা দেখেছি, কোটা আন্দোলন তো পরিণতি পায়নি। ভ্যাটের আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন করেছে। তারাও বোঝে, এই সরকার যদি পরিবর্তন না হয়, তবে তাদের লক্ষ্য কখনো পূরণ হবে না।’