অভিন্ন লক্ষ্যে প্রথম দফা আলোচনা সমমনা বা সরকারবিরোধী দলগুলোর সঙ্গে। দ্বিতীয় দফায় বসবে জোটের শরিকদের সঙ্গে।

‘শেখ হাসিনা সরকারের অধীন কোনো নির্বাচন নয়’—এই এক দফা দাবিতে নিজ জোটের বাইরেও অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গেও সংলাপে বসবে বিএনপি। গত মঙ্গলবার নাগরিক ঐক্যকে দিয়ে দলটি আনুষ্ঠানিক সংলাপ শুরু করেছে। তবে এ যাত্রায় বিএনপির লক্ষ্য সমমনা দলগুলোর সঙ্গে ‘আস্থার’ সম্পর্ক স্থাপন করা।
দলের নীতিনির্ধারকেরা মনে করছেন, বৃহত্তর ঐক্যের আগেই সমমনা রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সম্পর্ক স্থাপনটা জরুরি। কেন ও কী লক্ষ্য সামনে রেখে বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হবে, কী ধরনের কর্মসূচিতে তারা রাজপথে নামবে এবং ভবিষ্যতে সরকার গঠন ও রাষ্ট্রের মৌলিক সংস্কারগুলো কোন কোন জায়গায় হবে—এসব বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য হওয়া জরুরি। দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়গুলো বিএনপি খোলামেলা আলোচনা করবে এবং দলগুলোকে আস্থায় আনার চেষ্টা করবে। এরপর ঐক্যবদ্ধভাবেই ক্ষমতাসীন সরকারের ওপর চাপ তৈরির কৌশল ঠিক করা হবে।
দলটির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন করে শুরু হওয়া দ্বিপক্ষীয় সংলাপে সমমনা রাজনৈতিক দল ও সংগঠনগুলোকে বিএনপি এই বার্তা দেবে যে তারা বর্তমান রাষ্ট্রকাঠামোর পরিবর্তন চায় কিন্তু এই কাজ তাদের একার পক্ষে সম্ভব নয়। সমমনা সব দলকে সঙ্গে নিয়েই বিএনপি এ কাজটি করতে চায়। এ লক্ষ্যে দলগুলোকে আশ্বস্ত হওয়ার মতো কথা দেবে বিএনপি।
আমরা কী আলোচনা করছি বা করব, সব বিষয়ে এখনই বলতে চাইছি না। তবে মূল আলোচনা হচ্ছে, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়।মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমরা কী আলোচনা করছি বা করব, সব বিষয়ে এখনই বলতে চাইছি না। তবে মূল আলোচনা হচ্ছে, এই সরকারের অধীন কোনো নির্বাচন নয়।’ এ ছাড়া খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি, এই সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, নির্বাচন কমিশন পুনর্গঠন করে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচনের পর সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনের বিষয়ে আলোচনা হবে বলে মির্জা ফখরুল জানান।
বিএনপি সূত্রে জানা গেছে, পরবর্তী সংলাপ হবে গণসংহতি আন্দোলনের সঙ্গে। তবে এখনো দিন–তারিখ ধার্য হয়নি। এ বিষয়ে জানতে চাইলে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিএনপি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা আগামী সপ্তাহে কথা বলতে চেয়েছে।’
গণসংহতির পর রেজা কিবরিয়া ও নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ, সাইফুল হকের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আ স ম আবদুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), মোস্তফা মহসীন মন্টুর গণফোরামসহ আরও কয়েকটি দল ও সংগঠনের সঙ্গে পর্যায়ক্রমে সংলাপ হবে। এর আগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদের খালেকুজ্জামানের সঙ্গে বিএনপির আলোচনা হয়েছিল। সম্প্রতি দল দুটির শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এসেছে। এখন বিএনপির নীতিনির্ধারকেরা দল দুটির সঙ্গে নতুন করে কথা বলার চিন্তা করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
যদিও বিএনপির দীর্ঘদিনের প্রচেষ্টা ছিল বামপন্থী রাজনৈতিক দলগুলোর মোর্চা বাম গণতান্ত্রিক জোটের গুরুত্বপূর্ণ দুটি দল সিপিবি ও বাসদের সঙ্গে ঐক্য করা। তা এখনো সম্ভব হয়নি। বরং ইতিমধ্যে বাম জোটের দুই শরিক দল গণসংহতি আন্দোলন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সদস্যপদ স্থগিত করা হয়েছে। এই দল দুটি নতুন মঞ্চ গড়ার প্রক্রিয়ায় যুক্ত। এ ছাড়া ‘নির্বাচনকালে নির্দলীয় সরকারের অধীন নির্বাচন’ প্রশ্নে দল দুটির সঙ্গে বিএনপির একটা যোগাযোগ গড়ে উঠেছে। এটাকে বাম জোটের লক্ষ্য–উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক এবং ‘অন্য মেরুতে যুক্ত হওয়া’ বলে মনে করেন বাম জোটের শরিক সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স)।
যদিও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রথম আলোকে বলেন, ‘আমরা বলেছিলাম, বাম জোটকে টিকিয়ে রেখেই বর্তমান কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য অপরাপর গণতান্ত্রিক শক্তির সঙ্গে সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে বৃহত্তর মঞ্চ করি। কিন্তু তারা রাজি হয়নি। আমরা তাদের সিদ্ধান্ত নিতে বলেছিলাম। তারা আমাদের সদস্যপদ স্থগিত করেছে।’
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দ্বিতীয় ধাপে ২০-দলীয় জোটের শরিকদের সঙ্গে সংলাপ করবে বিএনপি। এতে মূলত শরিক দলগুলোকে জানানো হবে যে তারা আর জোটবদ্ধ আন্দোলন করবে না, সরকারবিরোধী অন্য দলগুলোকে সঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলনের দিকে যাবে।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা জাতিকে মুক্ত করা, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং একটি বৈধ সরকার প্রতিষ্ঠার কমন ইস্যুতে একমত হচ্ছি। যে দল বা সংগঠন এই সমস্যাগুলো সমাধানে জনগণের সঙ্গে থাকবে, তারা রাস্তায় নেমে আসবে।’