জাতীয় ঐক্য প্রক্রিয়া-যুক্তফ্রন্ট

লিয়াজোঁ কমিটি হচ্ছে, সদস্য সর্বোচ্চ ১০

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বৃহত্তর ঐক্য গড়ার প্রক্রিয়ায় অনেকটাই এগিয়েছে যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য। এখন ওই জোটের কাজের সমন্বয় করতে লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

রাজধানীর মতিঝিলে সোমবার বিকেলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্ট নেতাদের বৈঠকে লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এ জন্য মঙ্গলবার বিকেলে বৈঠকে বসবে বৃহত্তর ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হওয়া দলগুলো। মঙ্গলবারের বৈঠকে বিএনপিকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

বৈঠক শেষে ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, শুধু লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার বৈঠকের পর বিস্তারিত জানানো হবে।

সোমবারের বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইনের অনুমোদন নিয়ে আলোচনা হয়েছে। বৃহত্তর ঐক্য প্রক্রিয়া এই আইনটি প্রত্যাহারেরও দাবি জানাবে।

বৈঠকে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের শরিক তিন দলের মধ্যে তাঁর নেতৃত্বাধীন বিকল্পধারা ও নাগরিক ঐক্যের কেউ উপস্থিত ছিলেন না। কেবল জাসদের (জেএসডি) প্রধান আ স ম আবদুর রব উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিতি একজন জানান, লিয়াজোঁ কমিটির সদস্য ১০ জনের বেশি হবে না।