শনিবার ঢাকায় মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের ‘সন্ধান’ এবং তাঁকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবিতে রাজধানী ঢাকার সব থানা ও ওয়ার্ডে কাল শনিবার বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে মহানগর বিএনপি।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্যসচিব হাবিব-উন-নবী খানের নামে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কর্মসূচি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, ‘১০ দিন পার হলেও সরকার অথবা সরকারের কোনো সংস্থা সালাহ উদ্দিন আহমদকে আটক বা গ্রেপ্তারের কথা স্বীকার করেনি। এমনকি তাঁর পরিবার ও দলের পক্ষ থেকে তাঁকে খুঁজে বের করার জন্য সরকারের কাছে বারবার দাবি জানানো হলেও সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি।’