বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচির পঞ্চম দিন গতকাল শনিবার শাহজাদপুর উপজেলা বিএনপি পৌর শহরে মিছিল ও সড়ক অবরোধ করেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ উপজেলায় এই প্রথম বিএনপি মিছিল-সমাবেশ করল।
পৌর শহরের মনিরামপুর সড়কের শাহজাদপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বেলা ১১টার দিকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে এসে নগরবাড়ী-বগুড়া মহাসড়ক অবরোধ ও সমাবেশ করে।
সমাবেশ চলাকালে বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও পৌর মেয়র নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান, আইনবিষয়ক সম্পাদক আবুল কাশেম প্রমুখ।
পরে মিছিলটি উপজেলার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।