
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ইসলাম ও আলেম–ওলামাদের জন্য যা করেছে, অতীতের কোনো সরকার তা করেনি বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, কওমি মাদ্রাসার স্বীকৃতির দাবি বহু বছরের পুরোনো। শেখ হাসিনা সেই স্বীকৃতি দিয়েছেন।
আজ শনিবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা অডিটরিয়ামে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও আলেমদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, ‘কওমি মাদ্রাসার স্বীকৃতির দাবি বহু বছরের পুরোনো। খালেদা জিয়া কিংবা বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখনো এই দাবি ছিল। তিনি আলেম-ওলামাদের নিয়ে ভাত খাওয়াতেন, কিন্তু দাবি পূরণ করেননি। আমাদের রাঙ্গুনিয়ার কৃতী সন্তান মাওলানা আহমদ শফী সাহেব আলেম-ওলামাদের নিয়ে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, যেন কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেন।’
শেখ হাসিনা কওমি সনদের স্বীকৃতি দিয়েছিলেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘স্বীকৃতি দেওয়ার পর অনেকে বলেছেন, স্বীকৃতি দিয়েছেন কিন্তু চাকরি হবে না, চাকরি পেলেও বেতন পাবেন না। কিন্তু আমাদের নেত্রী শুধু কওমি সনদের স্বীকৃতিই দেননি, তাঁদের চাকরিও দিয়েছেন, তাঁরা এখন সরকারি বেতন পাচ্ছেন। এটি কল্পনারও বাইরে ছিল।’
আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে এক লাখ মসজিদভিত্তিক মক্তব করা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, রাঙ্গুনিয়াতেও দুই শতাধিক মসজিদভিত্তিক মক্তব প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিটি মক্তবের আলেম ৫ হাজার ২০০ টাকা করে ভাতা পাচ্ছেন। এটি আলেম সমাজ কখনো ভাবেনি। দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার প্রতিটিতে দুজন করে শিক্ষক ১২ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন।
মতবিনিময় সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার সরকার প্রতিটি জেলা-উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ প্রতিষ্ঠা করেছে, যা কেউ কখনো ভাবেননি। ব্রিটিশ আমলে দেশ বিভক্ত হয়েছিল। মুসলমানদের জন্য একটি দেশ, হিন্দুদের জন্য আরেকটি দেশ। সেই পাকিস্তান আমলেও জেলা-উপজেলায় সরকারিভাবে কোনো মসজিদ হয়নি।
বাংলাদেশে একটি স্বতন্ত্র ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা আলেম–ওলামাদের শতবছরের পুরোনো দাবি বলে জানান হাছান মাহমুদ। তিনি বলেন, ‘ব্রিটিশ শাসন ভেঙে পাকিস্তান হলো। এরপর বাংলাদেশ হলো, কিন্তু ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আর প্রতিষ্ঠা করা হয়নি। জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে বিএনপি সরকার গঠন করল। এরশাদ সাহেব মাওলানা মান্নানকে ধর্মমন্ত্রী বানালেন। কিন্তু ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় হয়নি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকারই ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করল।’
‘শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ইসলাম ও আলেম-ওলামাদের জন্য যা করেছে, অতীতের কোনো সরকার তা করেনি’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা আমাকে এমপি নির্বাচিত করার পর সর্বোচ্চ চেষ্টা করেছি ইসলাম এবং আলেম-ওলামাদের খেদমত করার জন্য। আমার ব্যক্তিগত উদ্যোগে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন ও আমাদের পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে ২০টিরও বেশি নতুন মসজিদ ভবন তৈরি করা হয়েছে।’
রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লোকমানুল হক তালুকদারের সভাপতিত্বে ও ধর্মবিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়ার বেতাগী দরবার-এ-আস্তানা শরিফের পীর গোলামুর রহমান আশরাফ শাহ ও মেহেরিয়া মাদ্রাসার পরিচালক আনাস মাদানী।