
দেশে বৈদেশিক মুদ্রার মজুত ও আমদানি ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন সূচক পর্যালোচনা করে বর্তমানে অর্থনৈতিক অবস্থায় ‘অশনিসংকেত’ দেখছে বিএনপি।
আজ বুধবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির জাতীয় স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে গিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা, যেটাকে আমি মনে করি, এটা হচ্ছে অ্যালার্মিং, এটা অশনিসংকেত আমাদের জন্য।’
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, ‘অদূর ভবিষ্যতে আমরা যে শ্রীলঙ্কার মতো বিপদে পড়তে পারি, সেই আশঙ্কা এখন আছে এবং এটাকে বাস্তবভিত্তিকই বলা যেতে পারে।’
১৬ মে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল ওই সভা হয়। সভায় দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে স্থায়ী কমিটি কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। তা আজকের সংবাদ সম্মেলনে তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম। এ সময় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
স্থায়ী কমিটি বলেছে, গত ১৩-১৪ বছরের মধ্যে সবচেয়ে চাপে রয়েছে দেশের সামষ্টিক অর্থনীতি। বিশেষ করে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় এবং রপ্তানি ও রেমিট্যান্স আয়ে ঘাটতির কারণে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে বড় ধরনের সমস্যা হচ্ছে। টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্যবৃদ্ধিসহ নানা কারণে অসহনীয় হয়ে উঠছে জিনিসপত্রের দাম।
স্থায়ী কমিটি বলেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ অতিদ্রুত কমে আসছে। গত আট মাসে রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার থেকে ৪২ বিলিয়ন ডলারে নেমে গেছে। পরবর্তী দুই মাসে এটি আরও ৪ বিলিয়ন ডলার কমে যাবে। বাংলাদেশে এই মুহূর্তে যে রিজার্ভ রয়েছে, তা দিয়ে মাত্র পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। আমদানি ব্যয় বেড়েছে প্রায় ৪৪ শতাংশ। আমদানি যে হারে বেড়েছে, রপ্তানি সে হারে বাড়েনি। এভাবে যদি রপ্তানির তুলনায় আমদানি বাড়তে থাকে এবং সেটা যদি রেমিট্যান্স দিয়ে পূরণ করা না যায়, তাহলে অতিদ্রুত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ শেষ হয়ে যাবে। এর পরিণতি যে কী ভয়াবহ, তা শ্রীলঙ্কার চলমান পরিস্থিতি উৎকৃষ্টতম উদাহরণ।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ‘অ্যালার্মিং’ অবস্থায় আছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আইএমএফের সুপারিশ মোতাবেক সঠিক নিয়মে রিজার্ভ হিসাব করলে বর্তমানে দেশের রিজার্ভ দাঁড়ায় ৩৫ বিলিয়ন ডলার। বাস্তবিকভাবে আইএমএফ প্রণীত নিয়মে রিজার্ভ হিসাব করা হলে বাংলাদেশের হাতে আমদানি ব্যয় মেটানোর মতো বৈদেশিক মুদ্রা রয়েছে মাত্র সাড়ে তিন মাসের; যা একেবারেই অশনিসংকতে।’
বর্তমান এ অবস্থা থেকে দেশকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটি মনে করে, বর্তমান বিভীষিকাময় অর্থনৈতিক নৈরাজ্য ও অস্থিতিশীলতার জন্য জবাবদিহিহীন এই অবৈধ সরকারই দায়ী। দেশকে রক্ষার জন্য, মানুষকে বাঁচানোর জন্য, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য এই মুহূর্তে সর্বজনীন ঐক্যের মাধ্যমে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে অনতিবিলম্বে এই সরকারকে হটানোর বিকল্প নেই।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ডলারের দাম এক শ ছাড়িয়েছে। পত্রিকায় দেখলাম, কার্ব মার্কেটে প্রতি ডলার ১৯৪ টাকায় বিক্রি হয়েছে। যার নেতিবাচক প্রভাব পড়বে আন্তর্জাতিক বাণিজ্য ও মূল্যস্ফীতির ক্ষেত্রে। সরকার ৬ দশমিক ২২ শতাংশ মূল্যস্ফীতির কথা বলছে। কিন্তু এটি বাস্তবতার সঙ্গে আদৌ সংগতিপূর্ণ নয়। শহরের চেয়ে গ্রামে মূল্যস্ফীতি বেশি। খাদ্যবহির্ভূত পণ্যের চেয়ে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেশি।’
অর্থনীতিবিদদের উদ্ধৃতি দিয়ে স্থায়ী কমিটি বলেছে, বর্তমানে মূল্যস্ফীতির হার ১২ শতাংশ। রিজার্ভ বিপজ্জনক পর্যায়ে চলে আসায় টাকার দামও কমছে। সবকিছুর দাম বাড়ছে। ক্রেতাসাধারণের ত্রাহি অবস্থা। এর ওপর সরকারের দলীয় সিন্ডিকেটের তাণ্ডবে ইতিমধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, বিশেষ করে পাম, সয়াবিন তেলের দাম অনেক বেড়ে গেছে। শুধু তা–ই নয়, ভরা মৌসুমে চালের দাম যেখানে সব সময় স্বাভাবিক নিয়মে কমে, সেখানে গত তিন দিনে অনেক বেড়েছে।
ভারতে গ্রেপ্তার প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) দেশের ‘শীর্ষস্থানীয় অর্থ আত্মসাৎকারী’ আখ্যায়িত করে বিএনপির স্থায়ী কমিটি বলেছে, পি কে হালদার প্রায় ১০ হাজার ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতি করেছেন। বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন সংশ্লিষ্ট বিভাগের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া কোনোক্রমেই তাঁর নির্বিঘ্নে দেশ থেকে পলায়ন করা সম্ভব নয়।
বিএনপি বলছে, পি কে হালদার রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের এমডি ছিলেন। এর মালিকানার সঙ্গে বাংলাদেশে ‘আঙুল ফুলে কলাগাছ হওয়া’ শিল্প গ্রুপগুলো জড়িত। মানুষ মনে করে, দেশের শীর্ষক্ষমতাধর পরিবারের সংশ্লিষ্টতা ছাড়া এ ধরনের অর্থ আত্মসাৎ ও অর্থ পাচার সম্ভব নয়। এর সত্যতা প্রমাণিত হয়, যখন এ রকম একজন ভয়ংকর আর্থিক লুটেরার গ্রেপ্তারের সংবাদে সরকারের মন্ত্রীরা দায়সারা ও সাদামাটা মন্তব্য করে দায় এড়িয়ে যান।
এখনই প্রত্যর্পণের আওতায় পি কে হালদারকে ফিরিয়ে এনে বাংলাদেশে বিচার করা হবে না কেন, সেই প্রশ্ন তুলেছে স্থায়ী কমিটি।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সম্পর্কে স্থায়ী কমিটি বলেছে, এটি তৈরি ও উৎক্ষেপণে প্রায় ৩ হাজার কোটি টাকা খরচ হয়েছিল। গত চার বছরে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোনো অর্থ আয় করতে পারেনি। উৎক্ষেপণের সময় বলা হয়েছিল, পরবর্তী সাত বছরের মধ্যে অর্থাৎ ২০২৫ সালের মধ্যে এই অর্থ তুলে আনা সম্ভব হবে। তা হয়নি। এখন স্যাটেলাইট-১ থেকে অর্থ উপার্জনে প্রধানমন্ত্রী ও তাঁর ছেলে প্রযুক্তি উপদেষ্টার স্বপ্ন দেশবাসীর জন্য এক আর্থিক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বর্তমান স্যাটেলাইট-১–এর যখন এই চিত্র, তখন নতুন করে আরেকটি স্যাটেলাইট প্রকল্প গ্রহণের পাঁয়তারা চলছে। শ্বেতহস্তী রূপপুর পারমাণবিক প্রকল্পটি আর্থিকভাবে অলাভজনক ও বিপজ্জনক হওয়া সত্ত্বেও নতুন করে দক্ষিণ বঙ্গে আরেকটি পারমাণবিক প্রকল্প গ্রহণের প্রাথমিক কাজ হাতে নেওয়া হয়েছে।
স্থায়ী কমিটি মনে করে, বর্তমান অবৈধ সরকারের শীর্ষপর্যায়ে আর্থিক লোভ ও দুর্নীতি এত বেড়েছে যে তারা জনকল্যাণের তোয়াক্কা না করে জনগণের অর্থ লুটপাটে উন্মত্ত হয়ে উঠেছে। ভবিষ্যতে তাদের জনগণের অর্থ লুটের জন্য জবাবদিহি করতে হবে।
স্যাটেলাইট প্রকল্পে অভিজ্ঞ লোকদের নিয়োগ না করে ‘দলবাজদের নিয়ে’ এর কর্মকাণ্ড পরিচালনার বিষয়টিও তদন্তের দাবি জানিয়েছে স্থায়ী কমিটি।