সন্দ্বীপের সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মারধরের অভিযোগ

চট্টগ্রাম জেলার মানচিত্র
চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রামের সন্দ্বীপে স্থানীয় সাংসদ মাহফুজুর রহমান ও উপজেলা চেয়ারম্যান শাহজাহানের লোকজন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের মারধর ও হয়রানি করছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা–কর্মী এমন অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য রাজিবুল আহসান। এ সময় উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. মিজানুর রহমান, মো. হুমায়ূন কবির, মশিউর রহমান বেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ২৩ ডিসেম্বর রহমতপুর ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা চালান। একই দিন সন্ধ্যায় দলের সভাপতি কামরুল হাসান খানের ওপর হামলা চালানো হয়। মারধর করা হয় ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি জাহেদ মেম্বারকেও।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সাংসদ মাহফুজুর ও উপজেলা চেয়ারম্যান শাহজাহানের লোকজন এসব হামলা করেছেন। এ ঘটনায় মামলা করা হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ছাড়া অনেক নেতা–কর্মীকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২০১৯ সালের ৩০ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও দুই বছরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান ও সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাংসদের সঙ্গে আঁতাত করে ত্যাগী ব্যক্তিদের বাদ দিয়ে জামায়াত–শিবিরের লোকদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত এ কমিটি জেলা আওয়ামী লীগের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়। এ ব্যাপারে ১২ ডিসেম্বর জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রে লিখিত অভিযোগ করেন বলে সংবাদ সম্মেলনে বলেন নেতা–কর্মীরা।

এ ব্যাপারে বক্তব্য জানার জন্য সাংসদ মাহফুজুর রহমানকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।