সমাজকে শান্তিময় করতে সবাইকে অবদান রাখার আহ্বান খালেদার

খালেদা জিয়া । ফাইল ছ​বি
খালেদা জিয়া । ফাইল ছ​বি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, হিংসা, বিদ্বেষ, হানাহানি, বৈষম্য, অন্যায়-অবিচার দূর করে সমাজকে শান্তিময় করে তুলতে যার যার অবস্থান থেকে অবদান রাখতে হবে।
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া এক বাণীতে আজ শুক্রবার খালেদা জিয়া এই আহ্বান জানান। বাণীতে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।
খালেদা জিয়া বলেন, যুগে যুগে সব ধর্মের প্রচারকেরা সত্য ও ন্যায়ের পথ দেখিয়ে গিয়েছেন। শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এমনি এক সময়ে যখন সমাজে অত্যাচারী রাজার নিষ্ঠুর অত্যাচার ও দুঃশাসন বিরাজ করছিল। তিনি সেই অন্যায়কে দমন করে পৃথিবীতে ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি চেয়ারপারসন বলেন, ‘বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষেরা যুগ যুগ ধরে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সমঅধিকারে বিশ্বাসী।’