সরকার বেকায়দায় আছে: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না
ফাইল ছবি: প্রথম আলো

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার বেকায়দায় আছে। একটি গ্রহণযোগ্য ভোট এবার করতে হবেই। জাপান বলেছে, তারা গতবারের ভোট দেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, সবাই যেন ভোটে অংশ নেয়, সে ব্যবস্থা করতে হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত ‘ভোটের অধিকার রক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশে মান্না বলেন, ‘এই সরকারের অধীনে ভোটে না যাওয়ার সিদ্ধান্তে দৃঢ় থাকেন। সব রাজনৈতিক দলকেও এক হতে হবে। বিএনপির সব নেতাই বলছেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার কথা। তবুও সংশয় জাগে।’ তিনি আরও বলেন, বিএনপি বড় দল। আন্দোলনে বিএনপির ওপর নির্ভর করতে চান। কিন্তু ১৪ বছর পার হয়েছে। অনেক ক্রান্তিকাল পার হয়েছে। এই ক্রান্তিকালকে যথাযথ ব্যবহার করতে হবে। বিএনপি যদি সে রকম করে আন্দোলনে নামে, তাহলে সহজ হয়। কিন্তু তারা যদি না নামে, কোনো দোষ নেই।

দেশের আন্দোলন হয়েছে, হচ্ছে এবং অনেক ক্ষেত্রে আন্দোলনকারীরা সফল বলেও মনে করছেন মান্না। তিনি বলেন, আওয়ামী লীগকে মানুষ এখন পছন্দ করে না। তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। আবেগ দিয়ে আন্দোলন হয় না। বুদ্ধি খাটিয়ে আন্দোলন করতে হবে।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, সীতাকুণ্ডে বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের আগে যেসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাতে মালিকপক্ষ পালিয়ে গেছে বা ধরা পড়েছে। কিন্তু সীতাকুণ্ডের বেলায় মালিকপক্ষ তিন দিন পর বলছে, নাশকতা হতে পারে। মামলায়ও তাদের নাম নেই। উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানো হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক আবদুস সালাম বলেন, পাকিস্তান আমল থেকে দেশের ক্রান্তিকাল শুরু হয়েছে। সরকারের পরিবর্তন হলেও ক্রান্তিকাল শেষ হয়নি। এটা রাজনৈতিক দলের ব্যর্থতা। বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়ছে।

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, আন্দোলন ছাড়া সরকারের পতন সম্ভব নয়। সভা–সেমিনার না করে রাজপথে নামতে হবে।

তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।